চুক্তি না করলে ইরানকে ধ্বংস করে দেওয়ার হুমকি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি- সংগৃহীত
ইরানের প্রতি চরম হুঁশিয়ারি উচ্চারণ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, একটি নতুন শান্তি চুক্তিতে আসার জন্য তেহরানের সামনে এটাই ‘শেষ সুযোগ’। ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে জানান, এই সুযোগ হাতছাড়া করলে ইরানকে ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে।
সাক্ষাৎকারে ট্রাম্প সরাসরি যুদ্ধের হুমকি দিয়ে বলেন, যদি ইরান নতুন চুক্তিতে রাজি না হয়, তবে সামরিক শক্তি প্রয়োগ করে পুরো দেশটি ধ্বংস করে দেওয়া হবে। তেহরানকে সতর্ক করে তিনি জানান, কোনো প্রকার নমনীয়তা না দেখিয়ে আমেরিকা এবার সরাসরি কঠোর সামরিক ব্যবস্থার দিকে যাবে।
এ সময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার তীব্র সমালোচনা করে ট্রাম্প বলেন, ২০১৫ সালে ওবামা প্রশাসনের আমলে ইরানের সঙ্গে যে পারমাণবিক চুক্তি হয়েছিল, সেই একই ভুল তিনি দ্বিতীয়বার করবেন না। ট্রাম্পের দৃষ্টিতে আগের সেই চুক্তিটি ছিল একটি অত্যন্ত দুর্বল ও ভুল সিদ্ধান্ত। তাই এবার তিনি ইরানের ওপর আরও কঠোর শর্তারোপ করে এমন এক চুক্তিতে পৌঁছাতে চান, যেখানে কোনো ধরনের আপসের সুযোগ থাকবে না।
ইরানকে চরম সময়সীমা বেঁধে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, চুক্তিতে সই না করলে পুরো ইরানকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে।
