লালমনিরহাটে পৌর জামায়াত আমীর গ্রেপ্তার
রবিউল ইসলাম বাবুল, লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০২:৩১ পিএম
ছবি: সংগৃহীত
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় দীর্ঘদিনের আলোচিত তিনটি হত্যা মামলায় পাটগ্রাম পৌর জামায়াত আমীর সোহেল রানা কে গ্রেফতার করেছে পাটগ্রাম থানা পুলিশ।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরের দিকে পাটগ্রাম পৌর এলাকার আন্তঃজেলা মোড়ের সামন থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছে পাটগ্রাম থানা পুলিশ।
পুলিশ সূত্রমতে জানাগেছে, ২০১৩ সালের ১৫ ডিসেম্বর রাজনৈতিক অস্থিরতার সময় পাটগ্রামে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে। সে সময় বিএনপি-জামায়াত জোটের কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘাতে রূপ নেয় পরিস্থিতি। ওই সহিংস ঘটনায় চারজন নিহত হন—যাদের মধ্যে জামায়াত-শিবিরের দুইজন, বিএনপির একজন এবং আওয়ামী লীগের একজন কর্মী ছিলেন।
ঘটনার পর পৃথকভাবে তিনটি হত্যা মামলা দায়ের করা হয়। এর মধ্যে একটি মামলা আওয়ামী লীগের পক্ষ থেকে এবং বাকি দুটি মামলা পুলিশ বাদী হয়ে করে। এসব মামলার এজাহারে সোহেল রানার নাম অন্তর্ভুক্ত ছিল বলে জানা গেছে।
সম্প্রতি আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
জেলা জামায়াতে ইসলামীর এক নেতা গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করে জানান, এটি পুরোনো রাজনৈতিক ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট মামলা। তাদের দাবি, বিষয়টি দ্রুত নিষ্পত্তির মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা প্রয়োজন।
এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক হকের সাথে মুঠোফোনে কথা হলে তিনি ভোরের কাগজ সাংবাদিক কে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “তিনটি হত্যা মামলায় আদালতের নির্দেশনা অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম আদালতের মাধ্যমেই সম্পন্ন হবে বলে জানা তিনি।
এ ঘটনাটি পাটগ্রাম উপজেলায নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়দের মধ্যে মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছে।
