ভারতের হিমাচলে ৫ মাত্রার ভূমিকম্প
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৬:৩৮ পিএম
ছবি- সংগৃহীত
ভারতের হিমাচল প্রদেশে ৫ মাত্রার একটি মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে। গতকাল শুক্রবার (৬ জুন) রাতে রাজ্যটির কাংড়া, চাম্বাসহ আশপাশের বিভিন্ন জেলা এই কম্পনে কেঁপে ওঠে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, শুক্রবার রাত ১০টা ৪ মিনিটে এই ভূমিকম্প হয়। এর কেন্দ্রস্থল ছিল ধর্মশালা থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে কাংড়া-চাম্বা সীমান্তের ধর গোদাই এলাকার কাছে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৫ কিলোমিটার।
কম্পন অনুভূত হওয়ার পর ধর্মশালা ও আশপাশের এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
হিমাচলের কাংড়া ও চাম্বা জেলা ভূমিকম্পের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। জেলা দুটি ‘সিসমিক জোন-৫’-এর অন্তর্ভুক্ত, যা সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত। হিমাচল ছাড়াও কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড় এবং পাঞ্জাব ও হরিয়ানার বিভিন্ন এলাকাতেও এই কম্পন অনুভূত হয়েছে।
