ট্রাম্পের ১০ শতাংশ শুল্ক নীতি ‘অবৈধ’ ঘোষণা করল মার্কিন আদালত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ মে ২০২৬, ০২:০৩ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি- সংগৃহীত
সব আমদানির ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। এক রায়ে আদালত জানান, ১৯৭৪ সালের বাণিজ্য আইন (ট্রেড অ্যাক্ট) অনুযায়ী এই ঢালাও শুল্ক আরোপের পর্যাপ্ত আইনি ভিত্তি নেই। একই সঙ্গে মামলাকারীদের কাছ থেকে আদায় করা অর্থ ফেরত দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন বাণিজ্য ঘাটতির যে অজুহাত দিয়েছে, তা এই ধরনের উচ্চ শুল্ক আরোপের জন্য যথেষ্ট নয়। প্রশাসনের দাবি করা পরিস্থিতি শুল্ককে বৈধতা দেওয়ার মতো পর্যায়ে পৌঁছায়নি
রায়ে আরও বলা হয়, মামলার সঙ্গে যুক্ত পক্ষগুলোর কাছ থেকে শুল্ক আদায় অবিলম্বে বন্ধ করতে হবে। তবে এই সিদ্ধান্ত আপাতত শুধু মামলাকারীদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। অন্য আমদানিকারকদের ক্ষেত্রে এই শুল্ক জুলাই পর্যন্ত কার্যকর থাকতে পারে।
মার্কিন আইন অনুযায়ী, বিশেষ পরিস্থিতিতে প্রেসিডেন্ট কংগ্রেসের অনুমোদন ছাড়াই সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপ করতে পারেন। তবে আদালত স্পষ্ট করে বলেছেন, বর্তমান ক্ষেত্রে সেই শর্তগুলো পূরণ হয়নি। ফলে প্রশাসনের পদক্ষেপটি আইনি ভিত্তি হারিয়েছে।
এদিকে ট্রাম্প প্রশাসন আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে। তবে আইনি চ্যালেঞ্জ মোকাবিলায় তারা এখন দেশভিত্তিক ভিন্ন ভিন্ন শুল্ক আরোপের বিকল্প কৌশল বিবেচনা করছে।
এর আগে গত ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্টও ট্রাম্পের শুল্ক নীতির কিছু অংশ অবৈধ ঘোষণা করেছিলেন। একের পর এক এমন আইনি বাধায় তাঁর বাণিজ্য নীতি বেশ জটিল হয়ে পড়ছে। বিশ্লেষকদের মতে, এই রায়ের ফলে যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতিতে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
