আইনমন্ত্রী
জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ ‘ফ্রড অব কনস্টিটিউশন’
বাবুল আকতার, খুলনা প্রতিনিধি
প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৩:১৬ পিএম
ছবি: সংগৃহীত
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, “মনে রাখতে হবে অর্ডিন্যান্স দিয়ে সংবিধান পরিবর্তন করা যায় না। জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ ‘ফ্রড অব কনস্টিটিউশন’। এটাকে বৈধতা দেওয়ার জন্য গণভোট অধ্যাদেশ করা হয়েছে, তাও অবৈধ।” আজ শুক্রবার সকালে খুলনায় আইনজীবীদের সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ১৭৪ জন নবীন আইনজীবীর যোগদান এবং আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা দেওয়া হয় অনুষ্ঠানে।
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন, আমরা জুলাই সনদ বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ। তবে দেশের স্বার্থে বিএনপি কিছু বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে। যা বিএনপির নির্বাচনী ইশতেহারে ছিল, বিএনপি এখন তা বাস্তবায়ন করছে।”
মো. আসাদুজ্জামান আরও বলেন, আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই। এ লক্ষ্যে ব্রিটিশ একটি প্রতিষ্ঠানের সহযোগিতায় অতি শিগগিরই দেশের সব জেলা বারে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, “বিজ্ঞ বিচারক গড়ে তুলতে হলে আগে বিজ্ঞ ও দক্ষ আইনজীবী তৈরি করতে হবে।”
নবীন আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, প্রভাবমুক্ত বিচার বিভাগ প্রতিষ্ঠা করা গেলে দেশে ন্যায়বিচার নিশ্চিত হবে। বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারকে আরও সুসংহত করতে বিচারালয়কে তীর্থস্থানের মতো মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। এ জন্য আইনজীবীদের সততা, নিষ্ঠা ও পেশাগত যোগ্যতার মান আরও উন্নত করতে হবে এবং সব ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেদের দূরে রাখতে হবে।
অনুষ্ঠানে খুলনার আইনজীবীরা অতিরিক্ত বিচারক নিয়োগ, অতিরিক্ত বিচার কার্য্যালয়ের নতুন ভবন, পুরাতন জেলখানার ১ দশমিক ৫০ একর জমির ওপর নতুন আইনজীবী ভবন নির্মাণ, আইনজীবীদের কল্যাণ তহবিল, সাবেক সভাপতির লাইসেন্স বাতিল, খুলনা অঞ্চলের সব সাব-রেজিস্ট্রারের ঘুষ-দুর্নীতি ও তাদের সম্পত্তির হিসাব তদন্তসহ বিভিন্ন দাবি আইনমন্ত্রীর কাছে তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, সংসদ সদস্য আমীর এজাজ খান, অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল, সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলীম আল রাজী এবং জেলা প্রশাসক হুরে জান্নাত। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ মাসুম রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোল্লা মশিয়ুর রহমান নান্নু।
এ সময় আইনজীবীদের কল্যাণের জন্য ১৮ লাখ টাকা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে তুলে দেন তিনি। এর আগে তিনি খুলনা জেলা জজ আদালতের কনফারেন্স রুমে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।
