যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা, নিহত ১০
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ মে ২০২৬, ১১:৫১ পিএম
ছবি: সংগৃহীত
চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে আবারও একাধিক ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। সর্বশেষ এই হামলায় অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন। ইরান-ইসরায়েল উত্তেজনা ও যুদ্ধ শুরুর পর থেকে লেবাননে ইসরায়েলি আগ্রাসনে নিহতের মোট সংখ্যা এখন ২৬০০ ছাড়িয়ে গেছে। অব্যাহত এই হামলায় যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ নিয়ে গভীর শঙ্কা দেখা দিয়েছে।
শনিবার (২ মে) এ হামলা করা হয় বলে জানিয়েছে ন্যাশনাল নিউজ এজেন্সি।
শনিবার (২ মে) এনএনএ জানায়, ‘নাবাতিয়েহ জেলার শৌকিন শহরে ইসরাইলি হামলায় অন্তত তিনজন নিহত হয়। এর আগে কাফর দাজ্জাল গ্রামে একটি গাড়িতে হামলায় দুজন নিহত হন। লওয়াইজেহ গ্রামে একটি বাড়িতে হামলায় আরও তিনজন এবং শৌকিনে আরেক হামলায় দুজন নিহত হয়।’
এছাড়া নাবাতিয়েহ শহরের আল-কুদস চত্বরের কাছে আল-সাআদা বেকারির আশপাশে বিমান হামলা চালানো হয়। টাইর জেলার সিদ্দিকিন এলাকায়ও ইসরাইলি যুদ্ধবিমান হামলা চালায়।
ইসরাইল দাবি করেছে, ‘ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছিল । তবে নিহতদের বড় অংশই বেসামরিক নাগরিক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।’
এনএনএ’র তথ্যমতে, ‘গত দুই দিনেই ইসরাইলি হামলায় অন্তত ৪৪ জন নিহত হয়েছে। অন্যদিকে, ২ মার্চ থেকে শুরু হওয়া নতুন করে সংঘাতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ২ হাজার ৬১৮ জনে পৌঁছেছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। এ সংঘাতের কারণে লেবাননে ১০ লাখের বেশি বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।’
এদিকে, হিজবুল্লাহ জানিয়েছে, ‘তারা লেবাননের ভেতরে ইসরাইলি বাহিনীর ওপর হামলা অব্যাহত রাখবে। গোষ্ঠীটি জানায়, দক্ষিণ লেবাননের বিভিন্ন ফ্রন্টলাইন এলাকায় ইসরাইলি সেনা ও যানবাহনের ওপর আর্টিলারি হামলা চালানো হয়েছে।’
তারা আরও দাবি করেছে, ‘ড্রোন ব্যবহার করে ইসরাইলি সেনাদের লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে এবং সাম্প্রতিক সময়ে ছোট ফাইবার-অপটিক ড্রোন দিয়ে ইসরাইলি ট্যাংকেও হামলা চালানো হচ্ছে। এতে তিনজন ইসরাইলি সেনা নিহত হয়েছে বলে জানানো হয়েছে।’
