যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো নতুন প্রস্তাবে যা বলেছে ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২ মে ২০২৬, ০৭:২৮ পিএম
ছবি- সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিরসনে হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিনিময়ে মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহারের শর্ত দিয়ে যুক্তরাষ্ট্রের কাছে একটি সংশোধিত প্রস্তাব পাঠিয়েছে ইরান। গত বৃহস্পতিবার মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে এই প্রস্তাবটি ওয়াশিংটনের কাছে পৌঁছে দেয় তেহরান।
শনিবার (২ মে) নাম প্রকাশ না করার শর্তে ইরানের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, নতুন এই কাঠামোতে পারমাণবিক কর্মসূচির মতো জটিল ইস্যুগুলোকে আলোচনার পরবর্তী স্তরের জন্য রাখা হয়েছে। মূলত একটি টেকসই চুক্তির অনুকূল পরিবেশ তৈরির লক্ষ্যেই এমন কৌশল নিয়েছে ইরান।
প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, চলমান যুদ্ধের অবসান হতে হবে সুনির্দিষ্ট গ্যারান্টির মাধ্যমে, যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পুনরায় হামলা না চালানোর অঙ্গীকার করবে। এর বিনিময়ে ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেবে এবং যুক্তরাষ্ট্র তাদের নৌ-অবরোধ তুলে নেবে।
এদিকে কূটনৈতিক আলোচনার পাশাপাশি তেহরানের কঠোর অবস্থানও স্পষ্ট করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা হোসেন নৌসাবাদী। বার্তাসংস্থা ইসনা নিউজকে তিনি বলেন,'পর্তুগাল, নেদারল্যান্ডস এবং ইংল্যান্ডকে যেমন উপসাগরীয় অঞ্চল থেকে ইরান বিতাড়িত করেছে, তেমনই বিশ্বখেকো যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকেও আমরা প্রতিহত করব।' তিনি আরও জানান, আরব অঞ্চলের শান্তি ও সমৃদ্ধি এই অঞ্চল থেকে মার্কিন প্রভাব হ্রাসের ওপর নির্ভরশীল।
ইরানের বিশ্বাস, পারমাণবিক ইস্যুকে আপাতত আলোচনার বাইরে রাখলে প্রাথমিক পর্যায়ে একটি সমঝোতায় পৌঁছানো সহজ হবে। বিদেশিরা সবসময় ইরানের সামুদ্রিক সম্পদের ওপর নজর দিয়েছে উল্লেখ করে দেশটির কর্মকর্তারা বলছেন, বর্তমান সভ্যতা ও পরিচয় রক্ষায় তারা যেকোনো সামরিক পদক্ষেপ মোকাবিলায় প্রস্তুত।
