মার্কিন অবরোধের পর উপসাগর ছেড়েছে ইরানি ট্যাঙ্কার
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪৫ পিএম
ছবি: সংগৃহীত
মার্কিন অবরোধের পর প্রথম তেল বোঝাই ইরানি ট্যাঙ্কারগুলো উপসাগর ছেড়েছে বলে জানিয়েছে সামুদ্রিক পর্যবেক্ষণকারী সংস্থা কেপলার।
শুক্রবার (১৭ এপ্রিল) সংস্থাটির বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা আল জাজিরা।
কেপলারের তথ্য অনুযায়ী, মার্কিন অবরোধ কার্যকর হওয়ার পর তিনটি ইরানি তেল ট্যাঙ্কারই প্রথম বোঝাই জাহাজ হিসেবে হরমুজ প্রণালী দিয়ে পারস্য উপসাগর ত্যাগ করেছে।
আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি- কে কেপলার জানিয়েছে, চলতি মাসের শুরুতে ইরানের খার্গ দ্বীপ থেকে তেল বোঝাই করার পর ডিপ সি, সোনিয়া ১ এবং ডায়োনা জাহাজ তিনটি সম্মিলিতভাবে ৫০ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে বুধবার অতিক্রম করেছে।
তেহরানের তেল রপ্তানি বন্ধ করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র সোমবার ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ আরোপ করেছে।
কেপলারের তথ্য অনুযায়ী, ১০ এপ্রিল স্টারলা জাহাজটির পর থেকে হরমুজ প্রণালী দিয়ে অপরিশোধিত তেলবাহী কোনো ইরানি ট্যাংকার পারস্য উপসাগর ত্যাগ করেনি।
