আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৬:৫৭ পিএম
ছবি: সংগৃহীত
আফগানিস্তানের অভ্যন্তরে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ দাবি করেছে, এই অভিযানে মূলত নির্দিষ্ট সামরিক স্থাপনা এবং সন্ত্রাসীদের গোপন আস্তানাগুলোকে নিশানা করা হয়েছে। একই সঙ্গে ভূখণ্ডে লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানা হয়েছে।
রোববার (১৫ মার্চ) রাতে সীমান্ত লাগোয়া আফগান ভূখণ্ডে হামলা চালানোর ওই দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী।
পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে বলা হয়েছে, ‘কান্দাহার প্রদেশে আফগান তালেবান ও সন্ত্রাসীদের ব্যবহৃত প্রযুক্তিগত সহায়তা অবকাঠামো এবং একটি সরঞ্জাম মজুত কেন্দ্র ধ্বংস করেছে পাকিস্তানের সামরিক বাহিনী।’
এছাড়া পৃথক হামলায় কান্দাহারের একটি সুড়ঙ্গ ধ্বংস করা হয়েছে। ওই সুরঙ্গে আফগান তালেবান ও তাদের অনুসারী নিষিদ্ধঘোষিত জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) প্রযুক্তিগত সরঞ্জাম ছিলো বলে দাবি করেছে পাকিস্তান।
পাকিস্তানের সামরিক বাহিনী বলেছে, ‘আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার পাকিস্তানের নিরাপত্তা নিয়ে তোলা প্রধান প্রধান উদ্বেগের সমাধান না করা পর্যন্ত এই ধরনের হামলা অব্যাহত থাকবে।’
কান্দাহারের স্থানীয় বাসিন্দারা বলেছেন, ‘রোববার রাতে শহরের ওপর দিয়ে যুদ্ধবিমান উড়তে দেখেছেন এবং বিস্ফোরণের শব্দ শুনেছেন তারা। একই সঙ্গে পাকিস্তানের সীমান্ত লাগোয়া আফগানিস্তানের স্পিন বালদাক ও খোস্ত প্রদেশেও সংঘর্ষের খবর পাওয়া গেছে।’
তবে তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এএফপিকে বলেছেন, ‘পাকিস্তানি হামলায় কান্দাহারে একটি মাদক পুনর্বাসন কেন্দ্র ও একটি খালি কন্টেইনার ক্ষতিগ্রস্ত হয়েছে।’
