×

আন্তর্জাতিক

জাতিসংঘ

লেবাননে লক্ষাধিক মানুষ গৃহহারা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৯:৪৯ পিএম

লেবাননে লক্ষাধিক মানুষ গৃহহারা

ছবি: সংগৃহীত

ইসরায়েলি আগ্রাসনে লেবাননে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্যমতে, প্রাণভয়ে ঘরবাড়ি ছেড়েছেন অন্তত এক লাখ মানুষ। এমনকি দেশটিতে আশ্রয় নেওয়া হাজার হাজার সিরীয় শরণার্থীও এখন নিরাপত্তার খোঁজে সীমান্ত পেরিয়ে নিজেদের বিধ্বস্ত দেশে ফিরে যাচ্ছেন।

শুক্রবার (৬ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে ‘বড় মানবিক জরুরি অবস্থা’ হিসেবে চিহ্নিত করেছে সংস্থাটি।

গত সোমবার ইরান-সমর্থিত হিজবুল্লাহর রকেট হামলার পাল্টা জবাব হিসেবে লেবাননে ব্যাপক বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহর সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি করে ইসরায়েলি সেনাবাহিনী ইতিমধ্যে দক্ষিণ লেবানন ও বৈরুতের নির্দিষ্ট কিছু এলাকা থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। উদ্ভূত এই পরিস্থিতিতে লেবানন এখন এক অত্যন্ত ‘বিপজ্জনক মুহূর্তের’ মুখোমুখি দাঁড়িয়ে আছে।

এদিকে, বার্তা সংস্থা আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ‘তারা গত এক ঘণ্টা বা তার কাছাকাছি সময়ে বৈরুতের দক্ষিণ শহরতলি লক্ষ্য করে দুটি হামলা হতে দেখেছে। এটি ছিল একটি সহিংস রাত, যেখানে ওই এলাকার পাড়া-মহল্লা লক্ষ্য করে ১২টিরও বেশি হামলা চালানো হয়েছে। ইসরায়েলের নজিরবিহীন উচ্ছেদ হুমকির পর এই এলাকাগুলো এখন বাসিন্দা শূন্য।’

কিছুক্ষণ আগেই দক্ষিণ লেবাননের সিডন শহরে একটি বিমান হামলা চালানো হয়েছে। এলাকাটি সাধারণত হিজবুল্লাহর শক্তঘাঁটি হিসেবে পরিচিত না হলেও, সেখানে একটি আবাসিক অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে এই হামলা চালানো হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, এই হামলায় হামাসের একজন পদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন।

এ অবস্থায় লেবাননের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়ে বলেছেন, ‘লেবানন এখন এক বিপজ্জনক মুহূর্তের মুখোমুখি এবং পরিস্থিতি অত্যন্ত গুরুতর, যেখানে একটি মানবিক বিপর্যয় আসন্ন।’

তিনি আরো বলেন, ‘এই পরিস্থিতির অবসান ঘটাতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’

অন্যদিকে, হিজবুল্লাহ অনমনীয় অবস্থানে রয়েছে। তারা লেবাননের সীমান্ত বরাবর ভেতরে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে আক্রমণ চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় এই সংঘাত কেবল বৃদ্ধি পেতেই দেখা যাচ্ছে।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সন্ধ্যা ৬টার পর সিনেমার সকল শো বন্ধ ঘোষণা

সন্ধ্যা ৬টার পর সিনেমার সকল শো বন্ধ ঘোষণা

বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ৪

বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ৪

 ‘নির্বাচিত হয়েই রূপ পাল্টে ফেলেছে বিএনপি’

১১ দলীয় জোটের বিক্ষোভ ‘নির্বাচিত হয়েই রূপ পাল্টে ফেলেছে বিএনপি’

যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে

যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App