×

রাজনীতি

১১ দলীয় জোটের বিক্ষোভ

‘নির্বাচিত হয়েই রূপ পাল্টে ফেলেছে বিএনপি’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৩০ পিএম

 ‘নির্বাচিত হয়েই রূপ পাল্টে ফেলেছে বিএনপি’

ছবি: ভোরের কাগজ অনলাইন

বিরোধী দলগুলোর নির্বাচনী জোট ‘১১ দলীয় জোট’-এর শীর্ষ নেতারা অভিযোগ করেছেন যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নিবাচনে বিজয়ী হয়েই গণভোট এবং জুলাই সনদ প্রশ্নে নিজেদের ‘রূপ’ পাল্টে ফেলেছে বিএনপি।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে ১১ দলীয় ঐক্য ঢাকা মহানগরীর উদ্যোগে বায়তুল মোকাররম উত্তর গেইটে আয়োজিত সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) -সহ জোটের শীর্ষ নেতারা এমন কথা বলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটাই বিরোধী জোটের প্রথম কোনো সরকারবিরোধী বিক্ষোভ।

বিক্ষোভ সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) সদস্যসচিব আখতার হোসেন তার বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, নির্বাচনের আগে একাধিক বৈঠকে বিএনপি গণভোট ও জুলাই সনদ বিষয়ে শতভাগ একমত পোষণ করেছিলো। গণভোট ও জুলাই সনদ প্রশ্নে বিএনপি নেতারা তখন বারবার বিষয়গুলোর স্বপক্ষে নিজেদের মতামত প্রকাশ্য সমাবেশে বলেছেন। এরপরও নির্বাচনের যেতে না যেতেই এই দুই গুরুত্বপূর্ণ এবং জনসমর্থিত বিষয়ে বিএনপির গড়িমসি নিঃসন্দেহে দলটির ক্ষমতাকেন্দ্রীক লোভী মনবৃত্তিরই বহিঃপ্রকাশ।

সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেন, বিএনপির রাজনীতি এখন দুই ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। তার একটি মুনাফিকি আর একটি সুবিধাবাদ। গ্রামবাংলায় একটি গল্পের উদাহরণ দিয়ে তিনি বলেন, এক মা তার ছেলে আর মেয়ের জামাতা বিষয়ে বলছে-আমার ছেলেটা খারাপ কারণ সে শাশুড়ির কথা শোনে, মেয়েটা ভালো কারণ সে আমার কথা শোনে।’

তিনি বলেন, বিএনপির এই সুবিধাবাদের রোগ হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের যে অধ্যাদেশগুলো তাদের ক্ষমতা বৃদ্ধি করে, ক্ষমতাকে আরও সুসংহত করে তা তাদের কাছে খুব পছন্দনীয়। আর যে অধ্যাদেশগুলো জাতির কাছে তাদের জবাবদিহিতা নিশ্চিত করে, তা অপছন্দনীয়। আমরা মনে করি, বিএনপি যে রাজনীতি করছে সেটা সুবিধাবাদের রাজনীতি।

মাওলানা মামুনুল হক বলেন, আমরা নির্বাচনের সময় দেখেছি, বিএনপি সারা দেশে তলে তলে না-এর পক্ষে প্রচার করেছে। জনরোষের ভয়ে প্রকাশ্যে বলার সৎ সাহস তাদের ছিল না। এজন্য লাখো মানুষের সামনে বিএনপি প্রধান জনাব তারেক রহমান হ্যাঁ-এর পক্ষে ক্যাম্পেইন করতে বাধ্য হয়েছেন। প্রকাশ্যে এক কথা, ভেতরে অন্য কথাকে কী বলে? মুনাফিকি।

তিনি আরও বলেন, এ দেশের জনগণকে যদি হাইকোর্ট দেখান, রাজপথে জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। ৭০ পার্সেন্ট জনগণের বিরুদ্ধে গিয়ে ক্ষমতায় থাকতে পারবেন না। অতীতে আপনাদের অপকর্মের কারণে দেশের দেশপ্রেমিক দলগুলোকে খেসারত দিতে হয়েছে।

জামায়াত নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ প্রশ্ন রেখে বলেন, আমরা কি সংবিধান সংশোধনের জন্য রাস্তায় নেমেছিলাম, নাকি সংস্কারের জন্য? বিএনপি যে প্রতারণার রাজনীতি শুরু করেছে, তার মাসুল তাদেরকে দিতে হবে। জনগণের রায়কে প্রত্যাখ্যান করলে, জনগণও তাদেরকে প্রত্যাখ্যান করবে।

পরে বিক্ষোভ মিছিল করেন ১১ দলের নেতাকর্মীরা। মিছিলটি বায়তুল মোকাররম থেকে পল্টন হয়ে বিজয়নগর ও নাইটিঙ্গেল মোড় হয়ে কাকরাইল গিয়ে শেষ হয়। এ সময় জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট ও সংস্কার নিয়ে নানা স্লোগান দেন তারা।

সমাবেশের সভাপতি জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম তার বক্তব্যে বলেন, শুধুমাত্র ক্ষমতার হাত বদলের জন্যই জুলাই বিপ্লব হয়নি বরং রাষ্ট্রের সকল ক্ষেত্রে সুশাসন ও ইনসাফ প্রতিষ্ঠার জন্যই ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে বিদায় করেছে।

এটিএম আজহার বলেন, জুলাই সনদ জাতীয় ঐকমত্যের ভিত্তিতের প্রণীত হয়েছে। এজন্য দীর্ঘ সময় সকল রাজনৈতিক দলের সাথে কথা বলে তা প্রস্তুত করা হয়েছে। একই অর্ডারে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলেও শুধু গণভোট নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। যা সরকারের আদর্শিক দেউলিয়াত্ব ছাড়া কিছু নয়। মূলত, পতিতদের আদলে ফ্যাসিবাদী হয়ে ওঠার হীন মানসিকতা থেকেই সরকার অনাকাঙ্ক্ষিতভাবে গণভোট নিয়ে প্রশ্ন তুলছে।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আযাদ, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁন প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাচারকালে বিপুল পরিমাণ ডিজেলসহ আটক ১২

পাচারকালে বিপুল পরিমাণ ডিজেলসহ আটক ১২

দলের প্রধান সমন্বয়কারীর পদ ছাড়লেন জোনায়েদ সাকি

দলের প্রধান সমন্বয়কারীর পদ ছাড়লেন জোনায়েদ সাকি

ব্যবসায়ীর গুদাম থেকে ৩৮ হাজার লিটার ডিজেল জব্দ

ব্যবসায়ীর গুদাম থেকে ৩৮ হাজার লিটার ডিজেল জব্দ

তেল পাচারের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা

তেল পাচারের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App