ইসরায়েলের মন্ত্রিসভায় গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০৯:২০ পিএম
ছবি: সংগৃহীত
ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক বিশেষ মন্ত্রিসভা অবশেষে হামাসের সঙ্গে গাজা যুদ্ধবিরতি চুক্তিতে সমঝোতায় পৌঁছেছে। শুক্রবার (১৭ জানুয়ারি) ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা ‘রাজনৈতিক, নিরাপত্তা এবং মানবিক- সব দিক বিবেচনা করার পর এবং প্রস্তাবিত চুক্তিটি যুদ্ধের লক্ষ্য অর্জনে সহায়ক বলে বুঝতে পেরেছে’ এবং চুক্তিটি গ্রহণ করেছে। একইসঙ্গে ইসরায়েলি মন্ত্রিসভা ‘নেতানিয়াহুর সরকারকে প্রস্তাবিত রূপরেখা অনুমোদন’ করার সুপারিশও করেছে। এখন এই চুক্তিটি ইসরায়েলের পূর্ণাঙ্গ মন্ত্রিসভায় তথা নেসেটে আলোচনার জন্য এবং ভোটাভুটির জন্য পাঠানো হবে।
ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভার যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, এখন পূর্ণ মন্ত্রিসভা অনুমোদন দিলে রবিবার থেকে যুদ্ধবিরতি শুরু হবে। তবে তিনি এটাও উল্লেখ করেছেন যে, চুক্তিটি ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ নিয়ে আসবে।
যদি এই যুদ্ধবিরতি চুক্তি সফলভাবে বাস্তবায়িত হয়, তবে তা গাজাবাসীর জন্য স্বস্তি বয়ে আনবে, যারা বর্তমানে চরম বিভীষিকার মধ্যে রয়েছেন। পাশাপাশি, মধ্যপ্রাচ্যে চলমান অস্থিতিশীলতা কিছুটা কমে আসতে পারে। গাজা যুদ্ধের কারণে ইসরায়েল লেবানন, ইয়েমেন এবং ইরাকের হিজবুল্লাহ ও হুতির মতো ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছে।
গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল ও হামাসের ঐকমত্যের বিষয়টি গত বুধবার সামনে আনে মধ্যস্থতাকারী দেশ কাতার।
উল্লেখ্য, অবরুদ্ধ গাজায় দীর্ঘ ১৫ মাস ধরে চলা এই যুদ্ধ উপত্যকাটির একটি বড় অংশ ধ্বংস করেছে। ইসরায়েলি বাহিনী অব্যাহত আগ্রাসন চালিয়ে ৪৭ হাজারও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। একইসঙ্গে ২.৩ মিলিয়ন জনসংখ্যার বেশিরভাগকে বারবার বাস্তুচ্যুত করেছে। অবশেষে একটি চুক্তির মাধ্যমে রক্তক্ষয়ী এই আগ্রাসনের সমাপ্তি হতে চলেছে।
