গাজা থেকে ৫ ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৪, ০১:১১ পিএম
গাজা থেকে ৫ ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার। ছবি: সংগৃহীত
গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে ৫ ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ)। বুধবার (২৪ জুলাই) শহরটির বিভিন্ন বাড়ি থেকে জিম্মিদের মরদেহ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৫ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানায় আইডিএফ। উদ্ধার হওয়া ৫ মরদেহের একটি মায়া গোরেন (৫৬) নামের এক কিন্ডারগার্টেন স্কুল শিক্ষকের। তিনি ইসরায়েলের নিরওজ শহরের বাসিন্দা ছিলেন। বাকি ৪ জন আইডিএফ সদস্য। এই সেনা সদস্যদের নাম প্রকাশ করেনি আইডিএফ।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলার পর তাদেরকে জিম্মি করে হামাস। হামলায় নিহত হন অন্তত ১ হাজার ২০০ জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক। এছাড়া ২৪০ জনকে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে যায় হামাস যোদ্ধারা। এই জিম্মিদের মধ্যে ১২০ এখনো হামাসের হাতে বন্দী রয়েছে।
হামলার জবাবে ৭ অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। তাদের সেই অভিযান এখনো চলছে এবং গত ৯ মাসে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় নিহত হয়েছেন ৩৯ হাজারেরও বেশি মানুষ। এসময় পুরো গাজা উপত্যকা পরিণত হয় ধ্বংসস্তূপে।
আরো পড়ুন: পাপুয়া নিউ গিনিতে সন্ত্রাসী হামলায় নিহত ২৬
আটক জিম্মিদের উদ্ধার এবং গাজায় অভিযান বন্ধের জন্য গত অক্টোবর থেকেই সেখানে যুদ্ধবিরতির চেষ্টা চালিয়ে যাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়। যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতির চেষ্টা চলছে।
