গাজায় যুদ্ধনীতির বিরুদ্ধে পশ্চিমা কর্মকর্তাদের প্রতিবাদ
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৪ এএম
যুক্তরাষ্ট্র এবং ইউরোপের ৮ শতাধিক কর্মকর্তা ইসরায়েল-গাজা যুদ্ধে তাদের নিজ দেশের সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একটি বিবৃতি সই করেছেন। তাতে সরকারের এই নীতি ‘আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন’ হতে পারে বলে সতর্ক করেছেন তারা। খবর: বিবিসি ও সিএনএনের।
পশ্চিমা কর্মকর্তারা এক বিবৃতিতে বলেছেন, আমাদের প্রশাসন ‘এ শতাব্দীর সবচেয়ে বাজে একটি মানবিক বিপর্যয়ের’ ঘটনায় সহযোগী হওয়ার ঝুঁকি নিচ্ছে। অথচ তারা আমাদের কর্মকর্তাদের অভিজ্ঞ পরামর্শকে আমলে নিচ্ছে না।
বিবিসি পশ্চিমা কর্মকর্তাদের এই বিবৃতির একটি কপি হাতে পেয়েছে। সরকারি কর্মকর্তাদের এমন প্রতিবাদ ইসরায়েলের কয়েকটি গুরুত্বপূর্ণ পশ্চিমা মিত্রদেশের সরকারের মধ্যে উল্লেখযোগ্য মাত্রায় ভিন্নমতেরই লক্ষণ।
বিবৃতিতে সই করা এক মার্কিন সরকারি কর্মকর্তা, দেশটির জাতীয় নিরাপত্তা বিভাগে যার ২৫ বছর কাজ করার অভিজ্ঞতা আছে- তিনি বিবিসি বলেছেন, সরকার তাদের উদ্বেগ বিবেচনাতেই নেয়নি। তিনি বলেন, যারা ওই অঞ্চল এবং এর গতিপ্রকৃতিকে বোঝেন, তাদের পরামর্শ শোনে না বাইডেন প্রশাসন।
নাম প্রকাশ না করার শর্তে এই কর্মকর্তা বলেন, এখানে সত্যিই যে বিষয়টি ভিন্ন, সেটি হচ্ছে- আমরা কোনওকিছু প্রতিরোধ করতে ব্যর্থ হচ্ছি তা নয়, বরং আমরা সক্রিয়ভাবে দুস্কর্মে জড়িত হচ্ছি। আমি যতদূর মনে করতে পারি, এটি অন্য যে কোনও পরিস্থিতি থেকে মৌলিকভাবে আলাদা।
বিবৃতিতে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিসহ ১১টি ইউরোপীয় দেশের সরকারি কর্মকর্তারা সই করেছেন। এতে বলা হয়েছে, গাজায় ইসরায়েলের সামরিক হামলার কোনো সীমা নেই। এর ফলে হাজার হাজার বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে, যা ঠেকানো সম্ভব ছিল। তাছাড়াও, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে সাহায্য বন্ধ করে রাখায় গাজার আরও হাজার হাজার অধিবাসী অনাহার এবং ধীরে ধীরে মৃত্যুর মুখে ঢলে পড়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে।
