×

ভারত

বেনাপোল সীমান্ত

বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ হল বিএসএফের পুশইন

Icon

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৭:৩৫ পিএম

বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ হল বিএসএফের পুশইন

ছবি: সংগৃহীত

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে একদল নারী, পুরুষ ও শিশুকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) বিএসএফের দফায় দফায় প্রচেষ্টা বিজিবির কঠোর অবস্থানের মুখে ব্যর্থ হয়েছে। রোববার গভীর রাত থেকে বেনাপোলের সাদিপুর সীমান্ত এলাকায় এ ধরনের প্রচেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে সীমান্তের নিরাপত্তা বাতি নিভিয়ে একদল নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। তবে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি ও সতর্ক টহলের কারণে সেই প্রচেষ্টা সফল হয়নি। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

যশোর ব্যাটালিয়ন-৪৯ বিজিবি সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে রঘুনাথপুর বিওপির দায়িত্বাধীন সীমান্ত পিলার ১৯/৩-এস থেকে ১৯/৫-এস-এর বিপরীতে ভারতের অভ্যন্তরে তিনটি যানবাহন এসে অবস্থান নেয়। কিছুক্ষণ পর ভারতীয় অংশের সীমান্ত এলাকায় স্থাপিত নিরাপত্তা বাতিগুলো হঠাৎ বন্ধ করে দেওয়া হয়, যা সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে।

বিজিবির দাবি, রাতের আঁধারে বিএসএফ কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করিয়ে দেওয়ার চেষ্টা চালায়। তবে সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা সতর্ক অবস্থান গ্রহণ করলে বিএসএফ তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি। পরে ওই ব্যক্তিদের ভারতীয় সীমান্তের কাঁটাতারের বেড়ার বাংলাদেশ প্রান্তসংলগ্ন খোলা মাঠে অবস্থান করানো হয়।

সরেজমিনে দেখা গেছে, ১০ থেকে ১২ জন নারী, পুরুষ ও শিশু ভারতীয় কাঁটাতারের বেড়ার বাইরের অংশে, ভারতের প্রায় ১৫০ গজ অভ্যন্তরে খোলা মাঠে অবস্থান করছেন। প্রচণ্ড রোদ ও প্রতিকূল পরিবেশে তাদের মানবেতর অবস্থায় থাকতে দেখা গেছে।

স্থানীয় সূত্র জানায়, বিএসএফ তাদের ভারতের মূল ভূখণ্ড থেকে বের করে সীমান্তের কাঁটাতারের বাইরের অংশে এনে রেখে গেট বন্ধ করে দেয়। তীব্র গরম, পানির সংকট ও খাদ্যাভাবে তারা কয়েকবার বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবির বাধার মুখে ফিরে যেতে বাধ্য হয়।

ঘটনার পরপরই বিজিবি বিএসএফের সঙ্গে যোগাযোগ করে এবং বিষয়টির ব্যাখ্যা চায়। এ ঘটনাকে কেন্দ্র করে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় বাঙ্কার খনন করে সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছেন। পাশাপাশি পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সীমান্তে আটকে থাকা ব্যক্তিরা কোন দেশের নাগরিক, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে বিজিবি।

বেলা ২টার দিকে বিজিবির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দেন। এ সময় তিনি দৈনিক ভোরের কাগজকে বলেন, “বিষয়টি বিএসএফকে আনুষ্ঠানিকভাবে চিঠির মাধ্যমে জানানো হয়েছে। সীমান্তে যাতে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ না ঘটে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।” তিনি আরও জানান, পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে অতিরিক্ত নজরদারি জোরদার করা হয়েছে।

এদিকে ঘটনাটি ছড়িয়ে পড়লে বেনাপোলের সীমান্তবর্তী সাদিপুর ও রঘুনাথপুর এলাকায় উৎসুক মানুষের ভিড় জমে। স্থানীয়দের মধ্যে উদ্বেগ থাকলেও বিজিবির তৎপরতায় সীমান্তে কোনো অবৈধ অনুপ্রবেশ ঘটেনি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘প্রধানমন্ত্রীর অল্প বয়স, বুদ্ধি পাকা হয় নাই’ বলায় শোকজ

‘প্রধানমন্ত্রীর অল্প বয়স, বুদ্ধি পাকা হয় নাই’ বলায় শোকজ

এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ

এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ

তোফায়েল আহমেদের জানাজা শেষে স্লোগান-মিছিল, কয়েকজন আটক

তোফায়েল আহমেদের জানাজা শেষে স্লোগান-মিছিল, কয়েকজন আটক

গর্ভপাতের অভিযোগের মুখে মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়

গর্ভপাতের অভিযোগের মুখে মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App