নেতা-কর্মীদের ঘুরে দাঁড়ানোর ডাক মমতার
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০১:২৯ পিএম
ছবি : সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় পরাজয়ের পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি শুরু করেছে তৃণমূল কংগ্রেস। দলীয় নেতা-কর্মীদের উজ্জীবিত করতে এবার সরাসরি মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দলীয় সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহেই কলকাতায় তৃণমূলের একটি দলীয় কার্যালয় রং করার কাজে নিজ হাতে অংশ নেবেন মমতা। একই সময়ে রাজ্যের বিভিন্ন জেলাতেও দলীয় নেতা-কর্মীরা কার্যালয় সংস্কার ও রং করার কর্মসূচিতে অংশ নেবেন।
রোববার (১৭ মে) কলকাতার কালীঘাটে নিজের বাসভবনে ২০ জেলার জেলা পরিষদের সভাপতি, সহ-সভাধিপতি ও কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় দুই ঘণ্টার ওই বৈঠকে নির্বাচনের ফলাফল, সাংগঠনিক দুর্বলতা এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনা হয়।
আরো পড়ুন : মমতার আইনজীবী হিসেবে যোগ্যতার প্রমাণ চাইল বার কাউন্সিল
বৈঠকে মমতা নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, রাজনৈতিক জীবনে উত্থান-পতন থাকবেই, তবে লড়াই ছেড়ে দিলে চলবে না। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, জেলা পরিষদ নির্বাচিত বোর্ড হওয়ায় তা সহজে ভেঙে দেওয়া সম্ভব নয়। তবে কেউ দল ছাড়তে চাইলে তাকে জোর করে আটকে রাখা হবে না বলেও মন্তব্য করেন তিনি।
সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে তৃণমূল কংগ্রেস। টানা ১৬ বছর ক্ষমতায় থাকার পর এবার দলটি শতাধিক আসনও পায়নি। ভবানীপুর কেন্দ্র থেকে পরাজিত হয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া দলের একাধিক প্রভাবশালী নেতা ও মন্ত্রীও হেরে গেছেন।
