৭ আরোহী নিয়ে ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৮ এএম
ছবি : সংগৃহীত
ভারতের ঝাড়খণ্ডের চাতরা জেলায় সাত আরোহী নিয়ে একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দেশটির বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
ডিজিসিএর বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রেডবার্ড এয়ারওয়েজ প্রাইভেট লিমিটেড পরিচালিত একটি বিচক্রাফ্ট সি৯০ এয়ারক্রাফট সন্ধ্যা ৭টা ১১ মিনিটে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে দিল্লির উদ্দেশ্যে উড্ডয়ন করে। উড্ডয়নের প্রায় ২৩ মিনিট পর বিমানটির সঙ্গে রাডার ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বিবৃতিতে জানানো হয়, কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগের পর ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে বারাণসী শহর থেকে প্রায় ১০০ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে বিমানটি রাডার ও যোগাযোগের আওতার বাইরে চলে যায়।
আরো পড়ুন : ইরান থেকে ভারতীয়দের সরে যাওয়ার পরামর্শ
প্যাসেঞ্জার ম্যানিফেস্ট অনুযায়ী, বিমানটিতে দুইজন পাইলট, একজন রোগী, দুইজন পরিচর্যাকারী, একজন চিকিৎসক ও একজন প্যারামেডিকসহ মোট সাতজন আরোহী ছিলেন। দুর্ঘটনাকবলিত বিমানটির টেল নম্বর ছিল ভিটি-এজেভি।
ডিজিসিএ জানিয়েছে, স্থানীয় জেলা প্রশাসনের অনুসন্ধান ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর (এএআইবি) একটি তদন্ত দল পাঠানো হচ্ছে। তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
জানা গেছে, ৪১ বছর বয়সী এক ব্যক্তি গুরুতর সড়ক দুর্ঘটনায় ৬৩ শতাংশ দগ্ধ হন এবং তাকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে দিল্লিতে স্থানান্তরের উদ্দেশ্যেই এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হয়েছিল।
