দিল্লিতে ৪৬ বাংলাদেশি আটক: দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৫ পিএম
ছবি : সংগৃহীত
ভারতের রাজধানী দিল্লিতে ৪৬ জন বাংলাদেশিকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। দিল্লি পুলিশ জানিয়েছে, গত ১০ থেকে ২৮ ডিসেম্বরের মধ্যে তাদের আটক করা হয়েছে। ইতোমধ্যে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে ভারতের অভিবাসন বিষয়ক সংস্থা ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও)।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গত দুই মাস ধরে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে ভারত সরকার। আটক ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে বসবাস কিংবা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থানের অভিযোগ আনা হয়েছে।
দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী, আটককৃতদের মধ্যে ৩৬ জনকে অবৈধ অভিবাসী হিসেবে এবং বাকি ১০ জনকে ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও ভারতে অবস্থান করার দায়ে আটক করা হয়েছে।
আটক এক ব্যক্তির পরিচয় সম্পর্কে দিল্লির দক্ষিণ-পশ্চিম জেলার ডেপুটি পুলিশ কমিশনার সুরেন্দ্র চৌধুরী জানান, ঢাকার বাসিন্দা জাহাঙ্গীর শেখ এবং তার স্ত্রী পারিনা বেগম জঙ্গল পেরিয়ে ভারতে প্রবেশ করেন। পরে এক্সপ্রেস ট্রেনে করে দিল্লিতে পৌঁছান। দিল্লিতে স্থায়ী হওয়ার পর তিনি তার স্ত্রী ও সন্তানদেরও নিয়ে আসেন। তারা বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র নষ্ট করে দিল্লির রঙ্গপুরি এলাকায় অবৈধভাবে বসবাস করছিলেন।
অন্য এক অভিযানে গত শনিবার ফতেপুর বেরি এলাকার আরজান গড় মেট্রো স্টেশনের কাছে সাত বাংলাদেশি অভিবাসীকে আটক করা হয়। এদের মধ্যে পাঁচজন নারী রয়েছেন। দক্ষিণ জেলার ডেপুটি পুলিশ কমিশনার অঙ্কিত চৌহান জানিয়েছেন, আটককৃতদের এফআরআরওর কাছে হস্তান্তর করা হয়েছে, যারা তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া পরিচালনা করছে।
দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা গত ১০ ডিসেম্বর দিল্লি পুলিশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবৈধ অভিবাসীদের শনাক্ত ও ফেরত পাঠানোর নির্দেশ দেন। সেই নির্দেশনার পর থেকে এই অভিযান শুরু হয়। এ অভিযানে এখন পর্যন্ত ১৬,৬৪৫ জনকে যাচাই করা হয়েছে। এর মধ্যে ১৫,৭৪৮ জনের বৈধ নথি পাওয়া গেছে, তবে ৮৫১ জনের নথি যাচাই প্রক্রিয়া চলছে।
