ভারতের বাজারে যে দামে বিক্রি হচ্ছে বাংলাদেশের ইলিশ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২২ পিএম
জোগান বাড়লে পূজার আগে ইলিশের দাম কমতে পারে। ছবি : সংগৃহীত
নানা আলোচনা সমালোচনার পর ভারতে রপ্তানি করা হয়েছে বাংলাদেশের ইলিশ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকেই হাওড়ার পাইকারি বাজারে বিক্রি হচ্ছে বাংলাদেশের এই ‘রুপালি শস্য’। কলকাতার সব খুচরা বাজারে ইলিশ পৌঁছে যাবে বলে জানিয়েছেন পাইকারি বিক্রেতারা।
শুক্রবার সকাল থেকে হাওড়ার পাইকারি বাজারে কেজি প্রতি ১৪৫০ থেকে ১৬০০ রুপির (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩০০ টাকা) মধ্যে ঘোরাফেরা করছে ইলিশের দাম। তবে জোগান এবং চাহিদার ওপর এই দাম ওঠানামা করতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
তারা বলছেন, বাংলাদেশ থেকে এখন পর্যন্ত রাজ্যে মোট ৪০ মেট্রিক টন ইলিশ এসেছে। বৃহস্পতিবার পেট্রাপোল সীমান্ত হয়ে দেশটিতে ঢুকেছে বাংলাদেশের ইলিশ। শুক্রবার পেট্রাপোল-বেনাপোল স্থলবন্দর হয়ে আরো কিছু পরিমাণ ইলিশ রাজ্যে ঢুকতে পারে।
এদিকে দুর্গাপূজার আগে বাজারে পদ্মার ইলিশ ঢোকায় খুশি স্থানীয় বিক্রেতারা। শুক্রবার থেকেই কলকাতার সব বাজারে ইলিশ পৌঁছে যাবে বলেও জানানো হয়েছে। তবে এই মাছের দাম কতটা মধ্যবিত্তের নাগালের মধ্যে, তা নিয়ে সংশয়ে মাছ বিক্রেতারা।
হাওড়ার স্থানীয় একটি বাজারে মাছ বিক্রি করা সুকুমার মল্লিক স্থানীয় গণমাধ্যমকে বলেন, পাইকারি বাজারেই ইলিশের দাম কেজি প্রতি ১৭০০ রুপি হয়ে যাচ্ছে। খুচরা বাজারে দাম আরও বাড়বে। ফলে কতজন ইলিশ কিনতে আগ্রহী হবেন, বোঝা যাচ্ছে না।
কলকাতার ‘ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’-এর সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ অবশ্য বলেছেন, জোগান বাড়লে পূজার আগে ইলিশের দাম কমতে পারে। সে ক্ষেত্রে পূজায় মধ্যবিত্তের পাতেও ইলিশ পড়বে।
২০১২ সালে স্থানীয় মানুষের চাহিদার কথা বিবেচনা করে বিদেশে ইলিশ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছিল। যদিও এর প্রায় ৭ বছর পর ২০১৯ সাল থেকে দুর্গাপূজার আগে প্রতি বছরই উপহারের মোড়কে বাণিজ্যিক চালান পাঠানো শুরু করে বিগত শেখ হাসিনা সরকার।
তবে বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন সমীকরণ সামনে আসায় অনিশ্চিত হয়ে পড়ে ইলিশ রপ্তানি। প্রথমদিকে ভারতে ইলিশ না পাঠানোর সিদ্ধান্তের কথা জানালেও, পরে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নেয় ড. ইউনূস সরকার।
আরো পড়ুন : যে ৮ শর্তে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি পেলো ৪৯ প্রতিষ্ঠান
আরো পড়ুন : ইলিশ স্বল্পতা ও রেকর্ড দামের মধ্যে ভারতে রপ্তানির অর্থ কী?
