দেশে স্বর্ণের দামে বড় পতন
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১১:৩৫ এএম
ছবি : সংগৃহীত
বৈশ্বিক উত্তেজনার মধ্যেই আবারও দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে। টানা দ্বিতীয়বার মূল্যবান ধাতুটির দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। এবার প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে।
সোমবার (৯ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হবে ২ লাখ ৬৪ হাজার ৯৪৭ টাকা। নতুন এ দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
আরো পড়ুন : রাজধানীতে সয়াবিন তেলের সংকট
নতুন দামে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ কিনতে খরচ হবে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা।
একইভাবে ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রাখা হয়েছে ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা।
এর আগে গত দুই সপ্তাহে টানা ছয়বার স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। এরপর দুই দফায় দাম কমানো হলো। চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৩৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৪ দফা দাম বাড়ানো হয়েছে এবং ১৪ দফা কমানো হয়েছে।
