৪০ মিনিটের ঝড়ে বিপর্যস্ত সদরপুরের জনজীবন
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৯:০৯ পিএম
ছবি: ভোরের কাগজ
ফরিদপুরের সদরপুর উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। আজ বুধবার (১৩ মে) বিকেল ৫টার দিকে শুরু হওয়া ঝড় প্রায় ৪০ মিনিট ধরে তাণ্ডব চালায়। এতে গাছপালা উপড়ে পড়ে, ফসলের ক্ষতি হয় এবং বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
উপজেলা সদরের প্রশাসনিক ভবনের সামনেও বড় গাছ উপড়ে পড়েছে। ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টিপাত হওয়ায় বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। উপজেলার সাড়ে সাতরশি, আটরশি, বাইশরশি, সাতরশি ও চাররশিসহ বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাকা বোরোধান। সতেররশি গ্রামের কৃষক জাফর খান বলেন, “আমার দুই বিঘা জমির পাকা ধান ঝড়ে মাটির সঙ্গে মিশে গেছে। এখন এই ধান কেটে ঘরে তোলা খুবই কষ্টকর হবে।”
২২ রশি এলাকার কৃষক সায়াদ বলেন, “একটানা এমন ঝড়ে আমার বোরোধানের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক ধান পড়ে গেছে।” অটোচালক গিয়াস জানান, রাস্তার পাশে অটো পার্কিং করে দাঁড়িয়ে থাকা অবস্থায় বড় গাছের ডাল পড়ে তার অটোর সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
সতেররশি মধ্যপাড়ার বাসিন্দা তাহমিনা আক্তার বলেন, “আমার থাকার ঘরটি পড়ে গেছে। চাল-ডালসহ বিভিন্ন জিনিসপত্র ভিজে নষ্ট হয়েছে। এখন ঘর মেরামত করব কীভাবে বুঝতে পারছি না।”
স্থানীয় প্রবীণরা জানান, বহু বছর পর এমন ভয়াবহ কালবৈশাখী ঝড় দেখেছেন তারা। ক্ষতিগ্রস্ত কৃষক ও এলাকাবাসী সরকারের সহায়তা কামনা করেছেন।
