উত্তাল পদ্মায় বন্ধ ফেরি, ঘাটে আটকা শত শত যানবাহন
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ মে ২০২৬, ১১:১৩ পিএম
ছবি: সংগৃহীত
পদ্মা নদী উত্তাল থাকায় এবং ঝড়ো বাতাসের কারণে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। বিরূপ আবহাওয়ায় দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) রাত ১০টা ১০ মিনিটে নৌ-দুর্ঘটনা এড়াতে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।
এদিকে, ফেরি চলাচল বন্ধ থাকায় দক্ষিণবঙ্গ থেকে আসা নদী পারাপারের অপেক্ষায় থাকা যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। দৌলতদিয়া প্রান্তের সড়কে নদী পার হওয়ার অপেক্ষায় আটকা পড়েছে অসংখ্য যানবাহন।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ‘দুর্ঘটনা এড়াতে রাত ১০টা ১০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে। বর্তমান বহরে ছোট বড় ১৪টি ফেরি রয়েছে।’
