শোলাকিয়ায় ঈদের জামাতে জনসমুদ্র
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ০৩:৩৫ পিএম
ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সুশৃঙ্খল পরিবেশে বাংলাদেশের সবচেয়ে বড় ঈদুল ফিতরের ১৯৯তম জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় শুরু হওয়া এ জামাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের ঈদ জামাতে প্রায় ৬ লাখেরও বেশি মুসল্লি অংশ নেন। ঈদের আগের দিন থেকেই কিশোরগঞ্জমুখী মানুষের ঢল নামে। দেশের ৬৪ জেলা ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে দলে দলে মুসল্লিরা ছুটে আসেন শোলাকিয়ায়। কেউ আত্মীয়ের বাসায়, কেউ মসজিদে, আবার অনেকে খোলা আকাশের নিচে রাত কাটান শুধু একসঙ্গে ঈদের নামাজ আদায়ের আকাঙ্ক্ষায়।
সকাল হওয়ার সঙ্গে সঙ্গে ঈদগাহ ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জায়গা না পেয়ে আশপাশের সড়ক, ভবনের ছাদ এমনকি নরসুন্দা নদীর তীরেও কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন মুসল্লিরা।
শোলাকিয়ার ঐতিহ্য অনুযায়ী, জামাত শুরুর ১০ মিনিটি আগে ৫টি, ৫ মিনিট আগে ৩টি এবং ১ মিনিট আগে দু’টি পরপর তিনবার শটগানের ফাঁকা গুলি ছুড়ে জামাতে দাঁড়ানোর সংকেত দেওয়া হয়। নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি এবং বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের জন্য মোনাজাত করা হয়।
এবারের ঈদের জামাতে ইমামতি করেন বড় বাজার জামে মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
ঈদ জামাত শেষে প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, দেশের ঐতিহ্যবাহী এই বৃহৎ ধর্মীয় সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়া অত্যন্ত গর্বের বিষয়। তিনি নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনার প্রশংসা করেন। শোলাকিয়া ঈদগাহ সংস্কার করার জন্য সরকার প্রধানের সঙ্গে কথা বলে প্রকল্প নেওয়া হবে। যেন মাঠটি আরও বড় ও সৌন্দর্য মণ্ডিত হয়।
শোলাকিয়ার ঈদ জামাত শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি বাংলাদেশের ঐতিহ্য, ধর্মীয় সম্প্রীতি এবং জনসমাবেশ ব্যবস্থাপনার একটি অনন্য উদাহরণ। প্রতি বছরই এই জামাতকে ঘিরে দেশজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়। এবারের ১৯৯তম আয়োজনও সেই ধারাবাহিকতারই অংশ হিসেবে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো।
জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, শান্তি-শৃঙ্খলা বজায় রেখে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঈদুল ফিতরের জামাত সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। তিনি আরও বলেন, এখন মূল লক্ষ্য হচ্ছে মুসল্লিরা যেন নিরাপদে ও সহি-সালামতে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারেন। পুরো ঈদ জামাত নির্বিঘ্নে সম্পন্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছিল এবং কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ঈদ জামাতকে কেন্দ্র করে নেওয়া হয় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন বলেন, প্রায় ১১০০ পুলিশ সদস্যের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), সেনাবাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন।
এছাড়া গোয়েন্দা সংস্থার সদস্যরা সাদা পোশাকে মাঠ পর্যায়ে অবস্থান নিয়ে নিরাপত্তা নিশ্চিত করেন। পুরো এলাকায় প্রবেশ ও প্রস্থান পথগুলোতে ছিল কড়া নজরদারি, পাশাপাশি জনস্রোত নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়।
শোলাকিয়া ঈদগাহে প্রতিবছর যেমন পুরোনো মুসল্লিরা সমবেত হন, তেমনি যোগ হন নতুনেরা। এবারই ঐতিহাসিক এ ঈদগাহে প্রথমবার ঈদের নামাজ পড়তে এসেছেন নরসিংদীর পলাশের বাছির উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের দুলাল মিয়া, ময়মনসিংহের তারাকান্দার রইছ উদ্দিন, লালচান, জহির উদ্দিন, মহর উদ্দিন। তাঁরা সবাই এক দিন আগে এসে চর শোলাকিয়া বাগে জান্নাত মসজিদে ওঠেন। শোলাকিয়ায় ঈদের নামাজ আদায় করতে পেরে খুব খুশি তাঁরা।
পাকিস্তান আমলে ময়মনসিংহ জেলা থেকে হেঁটে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদের নামাজ পড়তে আসতেন আলী আকবর আকন্দ (৭২)। এবারও তিনি ঐতিহাসিক এ ঈদগাহ মাঠে নামাজ পড়েছেন। ৫৭ বছর ধরে শোলাকিয়ায় আসছেন। তাঁর কাছে শোলাকিয়া একটি আবেগের নাম। এই মাঠে ঈদের নামাজ আদায় না করলে ঈদ–আনন্দ অপূর্ণ থেকে যায়।
পেশায় কৃষক আলী আকবরের বাড়ি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলা সদরে। জানালেন, তাঁর বয়স যখন ১৪-১৫ বছর, তখন থেকে চাচা এহেন আলীর হাত ধরে ৭০ থেকে ৮০ কিলোমিটার পথ হেঁটে শোলাকিয়া ঈদগাহ মাঠে নামাজ পড়তে আসতেন। প্রতিবারই দু–এক দিন আগে তিনি নামাজ পড়ার জন্য চলে আসেন। এবারও আসেন এক দিন আগে।
স্মৃতিচারণা করে আকবর আলী বলেন, ‘শোলাকিয়া একটা আবেগ। সেই ছোটবেলায় যখন বড়দের সঙ্গে ৭০ থেকে ৮০ কিলোমিটার পথ হেঁটে চলে আসতাম, এত আনন্দ লাগত যে দীর্ঘ পথ হেঁটে আসলেও ক্লান্তি লাগত না। সেই ১৪ বছর বয়স থেকে শুরু করেছিলাম। আল্লাহর ইচ্ছায় এখনো আসছি। তবে এখন আর আগের মতো হাঁটতে পারি না। আর যাতায়াতব্যবস্থা ভালো থাকায় হাঁটতেও হয় না।’
শোলাকিয়া ঈদগাহ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, এবার কিশোরগঞ্জের শোলাকিয়ায় লাখ লাখ মুসল্লি উৎসাহ–উদ্দীপনা ও স্বস্তিতে নামাজ আদায় করেছেন। শোলাকিয়ায় প্রতিবারের মতো এবারও দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। মুসলিম উম্মাহর শান্তি কামনায় লাখো মুসল্লির ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে মুখরিত ছিল ময়দান।
সরেজমিনে দেখা যায়, ভোর হতে দূরদূরান্ত থেকে দলে দলে মুসল্লিরা আসতে শুরু করেন। সকাল ৯টার দিকে মাঠ কানায় কানায় ভরে যায়। নামাজে অংশগ্রহণকারীদের অনেকেই বলেন, এবার ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে রেকর্ড পরিমাণ মুসল্লি হয়েছে। প্রায় তিন লাখ মানুষের ধারণক্ষমতাসম্পন্ন কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দান পরিপূর্ণ হয়ে চারপাশের রাস্তা এবং আশপাশের মাঠ জনস্রোতে রূপ নেয়। এবার ছয় থেকে সাত লাখ মুসল্লি হয়েছে শোলাকিয়ায়।
২০১৬ সালের ঈদুল ফিতরের দিনে অপ্রত্যাশিত জঙ্গি হামলার বিষয়টি মাথায় রেখে এবারও দেশের সবচেয়ে বড় ঈদগাহ শোলাকিয়ায় বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল। মোতায়েন ছিল সেনাবাহিনী, র্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ), পাঁচ প্লাটুন বিজিবি এবং জেলা পুলিশের ১১ সদস্য।
মাঠের ভেতর ও বাইরে ছিল অর্ধশতাধিক সিসিটিভি ক্যামেরা, পুরো মাঠ পর্যবেক্ষণের জন্য ছিল কয়েকটি ড্রোন। ছয়টি পর্যবেক্ষণ টাওয়ারের মাধ্যমে আগত মুসল্লিদের গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। এ ছাড়া মাঠের ভেতর-বাইরে পুলিশ বাহিনীকে সহায়তায় ছিল স্বেচ্ছাসেবক দল। নিরাপত্তার স্বার্থে মাঠে কাউকে ছাতা বা কোনো ধরনের ব্যাগ নিয়ে ঢুকতে দেওয়া হয়নি। শুধু পাতলা জায়নামাজ নিয়ে নামাজ আদায় করেন মুসল্লিরা। মুসল্লিদের যাতায়াতে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল।
