গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আহত ৩
কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৫ এএম
ছবি : সংগৃহীত
গোপালগঞ্জ সদরের একটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই আনসার সদস্যসহ ভোটারের সঙ্গে আসা এক শিশু আহত হয়েছে। এছাড়া ভোটকেন্দ্রের মূল ফটক ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সদর উপজেলার রেশমা ইন্টারন্যাশনাল স্কুলের ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ভোটকেন্দ্রে দায়িত্বরত আনসার সদস্য সুকন্ঠ মজুমদার ও সেকশন কমান্ডার জামাল হোসেন। এছাড়া একজন ভোটারের সঙ্গে আসা আমেনা খানম (১৩) নামে এক শিশু আহত হয়েছে।
আরো পড়ুন : সারাদেশে ভোট উৎসব, গোপালগঞ্জে ভিন্ন চিত্র
ভোটকেন্দ্রে দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ৯টার দিকে রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। এ সময় দুর্বৃত্তরা ভোটকেন্দ্র লক্ষ্য করে বাইরে খালের ওপার থেকে ককটেল ছুড়ে মারে। এতে ভোটকেন্দ্রে দায়িত্বরত দুই আনসার সদস্যসহ তিনজন আহত হয়। এছাড়া বিকট শব্দে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে।
