বাস–ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১৯
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৩ পিএম
ছবি: সংগৃহীত
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা–বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৯ জন আহত হয়েছেন।
দুর্ঘটনায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায় এবং ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৩টায় উপজেলার চুমুরদী ইউনিয়নের আড়ুয়া মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, আজ বিকেলে ঢাকা থেকে মাদারীপুরগামী সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস উপজেলার চুমুরদী ইউনিয়নের আড়ুয়া মাঠ অতিক্রম করার সময় বরিশাল থেকে ঢাকাগামী সুপারি বহনকারী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। পরে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল এবং হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জাহাঙ্গীর আলম বলেন, ‘ দুর্ঘটনা এখন পর্যন্ত ১৯ জন আহত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।’
ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন,‘দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়কে যান চলাচলের ব্যবস্থা করে। এতে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিলো। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
