×

খেলা

সিটি ছাড়ার কারণ জানালেন পেপ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৪:৩৭ পিএম

সিটি ছাড়ার কারণ জানালেন পেপ

পেপ গার্দিওলা। ছবি- সংগৃহীত

‘আমার মনে হয় না কোনো প্রতিষ্ঠানে কাউকে বহু বছর ধরে রাখা ভালো’-ম্যানচেস্টার সিটির সঙ্গে এক দশকের সোনালি অধ্যায়ের ইতি টানার প্রাক্কালে ঠিক এভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করলেন পেপ গার্দিওলা।

আগামী রোববার (২৪ মে) অ্যাস্টন ভিলার বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচটিই হতে যাচ্ছে ইতিহাদ স্টেডিয়ামে ৫৫ বছর বয়সী এই স্প্যানিশ কোচের শেষ ম্যাচ। শুক্রবার ম্যানচেস্টার সিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই বিদায়ের খবর নিশ্চিত করা হয়েছে। সিটিতে দীর্ঘ ১০ বছরের কোচিং ক্যারিয়ারে ঘরোয়া ও ইউরোপিয়ান ফুটবলে একচ্ছত্র আধিপত্য দেখিয়েছেন গার্দিওলা। এই সময়ে ক্লাবের শোকেসে জমা হয়েছে ১৭টি বড় শিরোপা; যার মধ্যে রয়েছে ছয়টি প্রিমিয়ার লিগ ও একটি স্বপ্নের চ্যাম্পিয়নস লিগ ট্রফি।

তবে সাফল্যের চূড়ায় থেকেও কেন হঠাৎ এমন সিদ্ধান্ত? সংবাদ সম্মেলনে নিজের বিদায়ের কারণ হিসেবে ‘প্রাণশক্তি ফুরিয়ে আসার’ কথা অকপটে স্বীকার করেছেন বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের সাবেক এই মাস্টারমাইন্ড।

দুই বছর আগে লিভারপুলের ডাগআউট ছাড়ার সময় ইয়ুর্গেন ক্লপ জানিয়েছিলেন, তার প্রাণশক্তি ফুরিয়ে আসছে। ক্লপের সেই অনুভূতির সঙ্গে নিজের বর্তমান অবস্থার কোনো মিল আছে কি না-এমন প্রশ্নের জবাবে গার্দিওলার স্পষ্ট উত্তর, ‘অবশ্যই, হ্যাঁ। একদম তাই।’

তিনি আরও বলেন, ‘আমার প্রাণশক্তি ছিল এবং আছে, কিন্তু আর থাকবে না। ব্যাপারটা খুব সহজ। প্রতি তিন দিন অন্তর ম্যাচ, শিরোপার প্রত্যাশা, খেলোয়াড়দের সামনে থাকা-এই সবকিছু সামলানোর মতো প্রাণশক্তি আমার আর থাকবে না। কারণটা কী? সহজভাবে বললে, সময় হয়ে গেছে। ১০ বছর হয়ে গেছে। এমন নয় যে আমি উচ্চাকাঙ্ক্ষী নই বা আবার চেষ্টা করতে চাই না। বিষয়টি কেবলই এমন যে, “ঠিক আছে পেপ, ১০ বছর পর…”।’

গার্দিওলার মতে, সিটির ডাগআউটে নতুন মুখের আগমনের এটাই সবচেয়ে সঠিক সময়। ক্লাব এবং নিজের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া জরুরি ছিল বলে মনে করেন তিনি।

‘আমার মনে হয় না কোনো প্রতিষ্ঠানে কাউকে বহু বছর ধরে রাখা ভালো। সবকিছু ওলটপালট করে দেওয়া, নতুন মুখ দেখা ভালো... এটা সবার জন্যই খুব ভালো। যদি আমি এটা বিশ্বাস না করতাম এবং যদি আমাকে বরখাস্ত করা না হতো, তাহলে হয়তো এখানেই থেকে যেতাম। কিন্তু এটাই সত্যি, এটাই বিদায় নেওয়ার সঠিক সময়।’

বিদায়টা কোনো হঠকারী সিদ্ধান্ত নয় বলেও নিশ্চিত করেছেন তিনি। গার্দিওলা বলেন, ‘ব্যাপারটা এমন নয় যে একদিন ঘুম থেকে উঠে বললাম, এখনই চলে যাওয়ার সময়। এটা একটা দীর্ঘ প্রক্রিয়া, যা বেশ কিছুদিন ধরেই আমি অনুভব করছিলাম। আর ক্লাবও আমার এই সিদ্ধান্তকে খুব সম্মান করেছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এলপিএলে একই দলে খেলবেন সাকিব ও তাসকিন

এলপিএলে একই দলে খেলবেন সাকিব ও তাসকিন

২৩ মে থেকে ২ জুন বাল্কহেড চলাচল বন্ধ

২৩ মে থেকে ২ জুন বাল্কহেড চলাচল বন্ধ

ফেইস বোনাসের দাবিতে খনি শ্রমিকদের দুই ঘণ্টা কর্মবিরতি

বড়পুকুরিয়া কয়লাখনি ফেইস বোনাসের দাবিতে খনি শ্রমিকদের দুই ঘণ্টা কর্মবিরতি

৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করলেন গভর্নর

বন্ধ কারখানা চালু-অর্থনীতি সচলে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করলেন গভর্নর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App