তনু হত্যা, ডিএনএতে মিলল নতুন তথ্য
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২৬, ১১:৫২ এএম
ছবি : সংগৃহীত
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলার তদন্তে নতুন তথ্য পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তনুর পোশাক থেকে সংগ্রহ করা নমুনার ডিএনএ পরীক্ষায় আরও একজন পুরুষের ডিএনএ উপস্থিতি শনাক্ত হয়েছে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থাটি।
এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তিনজন পুরুষের শুক্রাণুর উপস্থিতির তথ্য জানিয়েছিল।
রোববার (১৭ মে) রাতে পিবিআই ঢাকা কার্যালয়ের পরিদর্শক তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আগে তিনজন পুরুষের শুক্রাণুর তথ্য পাওয়া গিয়েছিল। এখন নতুন করে আরো একজন পুরুষের ডিএনএ প্রোফাইল শনাক্ত হওয়ার তথ্য ডিএনএ ল্যাব থেকে পাওয়া গেছে।
পিবিআই জানায়, গত ৬ এপ্রিল এ মামলায় তিন সন্দেহভাজন—সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান এবং সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা ক্রসম্যাচের জন্য আদালতে আবেদন করা হয়।
আদালতের আদেশে গত ২১ এপ্রিল ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে হাফিজুর রহমানকে আটক করা হয়। পরে তাকে তনু হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয় এবং ২২ এপ্রিল কুমিল্লার আদালতে হাজির করা হলে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন করে আরো একজন পুরুষের ডিএনএ পাওয়ায় মামলার তদন্তে অগ্রগতি হয়েছে। বিষয়টি সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেও তদারকি করা হচ্ছে।
তরিকুল ইসলাম বলেন, নতুন ডিএনএ প্রোফাইল পাওয়ায় সন্দেহভাজনদের সঙ্গে আরো কয়েকজনের ডিএনএ মিলিয়ে দেখা হবে। সন্দেহভাজনদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে, তবে এখনো তাদের সঠিক অবস্থান পাওয়া যায়নি। অভিযান চলমান রয়েছে।
উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে টিউশনি শেষে বাসায় ফেরার পথে নিখোঁজ হন তনু। পরে সেনানিবাসের পাওয়ার হাউসের অদূরে একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরদিন তার বাবা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
