মানবপাচার
সেন্ট মার্টিনে নারী-শিশুসহ উদ্ধার ১৫৩, আটক ১৫
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৭:৫০ পিএম
ছবি: সংগৃহীত
সেন্ট মার্টিনের গভীর সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে ১৫ মানবপাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী, শিশুসহ ১৫৩ জনকে উদ্ধার করা হয়েছে।
গভীর রাতে এই অভিযান চালানো হয় বলে রোববার (১ মার্চ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানিয়েছেন।
গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে তিনি বলেন, সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নারী, পুরুষ-শিশুসহ বিপুলসংখ্যক ব্যক্তি সেন্ট মার্টিনের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় অবস্থান করছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রবিবার (১ মার্চ) রাত ৩টার দিকে অপারেশন সমুদ্র প্রহরায় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ কামরুজ্জামান দিয়ে সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আভিযানিক দল বোটটি ধাওয়া করে সেন্ট মার্টিনের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় আটক করতে সক্ষম হয়।
পরে আটককৃত বোটে তল্লাশি চালিয়ে মালয়েশিয়ায় পাচারকালে নারী, শিশুসহ ১৫৩ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং ১৫ জন মানবপাচারকারীকে আটক করা হয়।
উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশযাত্রার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় গমনে উদ্বুদ্ধ করে সাগরপথে পাচারের পরিকল্পনা করছিল। উদ্ধারকৃত ব্যক্তি ও আটককৃত মানবপাচারকারীদের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও বলেন, মানবপাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
