গৃহকর্মী নির্যাতন
বিমানের সাবেক এমডির ৫ ও স্ত্রীর ৭ দিনের রিমান্ড
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৮ পিএম
ছবি: সংগৃহীত
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সদ্য সাবেক এমডি ও সিইও সাফিকুর রহমান ও গৃহকর্মী রুপালী খাতুনকে পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
আর সাফিকুরের স্ত্রী বিথীর সাতদিন এবং অপর গৃহকর্মী সুফিয়া বেগমের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) শুনানি নিয়ে এ আদেশ দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকির হোসাইন।
প্রসিকিউশন বিভাগের এসআই তাহমিনা আক্তার জানান, মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই রোবেল মিয়ার আসামিদের সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন। আদালত আসামিদের উপস্থিতিতে শুনানির দিন মঙ্গলবার ধার্য করেন। এদিন শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়।
নারী ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের (ডিএমসি) ফাহমিদা আক্তার রিংকিসহ কয়েকজন আইনজীবী সর্বোচ্চ রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামিদের পক্ষে এ কে আজাদ রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন।
শিশুটিকে নির্যাতনের ঘটনায় তার হোটেল কর্মচারী বাবা গোলাম মোস্তফা গত ১ ফেব্রুয়ারি সাফিকুর রহমান এবং তার স্ত্রী বিথী, বাসার দুই গৃহকর্মী রুপালী খাতুন ও সুফিয়া বেগমের নামে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর তাদের গ্রেপ্তার করা হয়। ২ ফেব্রুয়ারি জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানো হয়।
৩ ফেব্রুয়ারি সুফিয়া বেগমের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন রোববার ঠিক করেন। বৃহস্পতিবার আসামিদের জামিন চেয়ে আবেদন করা হলে তার শুনানির দিনও রাখা হয় রোববার।
সুফিয়া বেগমকে রোববার আদালতে হাজির করা হয়। শুনানির শুরুতে বিচারক এজাহারভুক্ত প্রধান আসামিকে বাদ দিয়ে অজ্ঞাতনামা আসামির রিমান্ড আবেদনের কারণ জানতে চান। তদন্ত কর্মকর্তা রোবেল মিয়া বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।’
আসামিদের পক্ষে জামিন শুনানি করেননি তাদের আইনজীবী জাকির হোসেন।
পরে বিকালে অপর তিন আসামিরও সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত সব আসামির উপস্থিতিতে মঙ্গলবার শুনানির দিন রাখেন।
