যে অভিযোগে গ্রেপ্তার হলেন চিন্ময় কৃষ্ণ দাস
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ০৪:৫১ পিএম
ছবি : সংগৃহীত
ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেপ্তার হয়েছেন। সোমবার (২৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম যাওয়ার পথে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন-৬ এর বিচারক কাজী শরিফুল ইসলামের আদালতে তোলা হলে রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
গ্রেপ্তারের পর ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে জানান, একটি অভিযোগের রিক্যুইজিশনের ভিত্তিতে চিন্ময় দাসকে গ্রেফতার করা হয়েছে।
বিমানবন্দর সূত্র জানায়, গ্রেফতারের সময় চিন্ময় দাস শান্ত ছিলেন এবং ডিবি কর্মকর্তাদের সঙ্গে কোনো বিরোধ করেননি।
গত ২৫ অক্টোবর বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ চট্টগ্রামে একটি মহাসমাবেশ আয়োজন করে। এই মঞ্চের মুখপাত্র ছিলেন চিন্ময় কৃষ্ণ দাস। মহাসমাবেশের পর ৩১ অক্টোবর বিএনপি নেতা ফিরোজ খান চট্টগ্রামের কোতোয়ালি থানায় চিন্ময়ের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন। পরে বিএনপি ফিরোজ খানকে বহিষ্কার করে।
কোতোয়ালি থানার মামলায় চিন্ময়সহ মোট ১৯ জনকে আসামি করা হয়। মামলার অন্য আসামিরা হলেন চট্টগ্রাম ইসকনের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক চন্দন কুমার ধর, হিন্দু জাগরণ মঞ্চের সমন্বয়ক অজয় দত্ত, প্রবর্তক ইসকন মন্দিরের অধ্যক্ষ লীলা রাজ দাশসহ অন্যান্যরা।
মামলার অভিযোগে বলা হয়, ২৫ অক্টোবর লালদীঘির মাঠে সমাবেশের সময় নিউমার্কেট মোড়ের জিরো পয়েন্টে বাংলাদেশের জাতীয় পতাকার ওপর ইসকনের গেরুয়া রঙের ধর্মীয় পতাকা উত্তোলন করা হয়। এতে সাধারণ নাগরিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
ইসকন প্রবর্তক ধাম ফেসবুক পেজ থেকে মামলার বিষয়ে চিন্ময়ের একটি বিবৃতি প্রকাশ করা হয়। তিনি মামলাটিকে সনাতনীদের শান্তিপূর্ণ আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা বলে উল্লেখ করেন এবং বলেন, ‘এই আন্দোলন সরকারের বা রাষ্ট্রের বিরুদ্ধে নয়।’
চিন্ময় কৃষ্ণ দাস ইসকনের বাংলাদেশ শাখার সদস্য ছিলেন। তবে সম্প্রতি তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
