বিসিবির অ্যাডহক কমিটি নিয়ে শুনানি ২১ মে
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০২:৩৩ পিএম
ছবি : সংগৃহীত
ক্রিকেটার তামিম ইকবালের নেতৃত্বে গঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির সিদ্ধান্ত স্থগিত চেয়ে করা রিটের শুনানির জন্য আগামী ২১ মে দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট। সোমবার (১৮ মে) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।
রিটকারীদের মধ্যে রয়েছেন সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ, আসিফ আকবর, খান আবদুর রাজ্জাক, এম নাজমুল ইসলাম, নাজমুল আবেদীন, মো. হাসানুজ্জামান, রাহাত শামস, আবুল বাশার, আদনান রহমান, আহসান ইকবাল চৌধুরী ও খালেদ মাসুদ পাইলট।
রিটে বিবাদী করা হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, জাতীয় ক্রীড়া পরিষদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলসহ (আইসিসি) সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষকে।
আরো পড়ুন : মোহামেডানের বোর্ড সভায় ফুটবলের দলগঠনসহ বেশিকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
আবেদনে নির্বাচিত পরিচালনা পর্ষদ ভেঙে অ্যাডহক কমিটি গঠন কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে অ্যাডহক কমিটির কার্যক্রম স্থগিতেরও আবেদন করা হয়েছে।
এর আগে গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করে। ওই কমিটির সভাপতি করা হয় তামিম ইকবালকে। কমিটিতে আরো রয়েছেন সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন ও আতহার আলী খান। এছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সাঈদ ইব্রাহিম আহমদ, ইসরাফিল খসরু, তানজিল চৌধুরী, মির্জা সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।
এর আগে অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে সাত আইনজীবী পৃথক একটি রিট আবেদন করেছিলেন। তবে গত ১১ মে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ সেই রিট খারিজ করে দেন।
