টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৮:০৯ এএম
ছবি: সংগৃহীত
নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হলো ভারত। বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট ভেন্যু আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ টস হেরে ২৫৫ রানের পর্বত গড়েছিল ভারত। কিউই বোলারদের বেধড়ক পিটিয়েছেন সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ঈশান কিষান, শিবম দুবেরা।
জবাবে যশপ্রীত বুমরার ইয়র্কার ও স্লোয়ারে দিশেহারা হয়ে ১ ওভার বাকি থাকতেই ১৫৯ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড।
এ জয়ে আরো কিছু অনন্য কীর্তি গড়ল ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে প্রথম দল হিসেবে তিনবার চ্যাম্পিয়ন হলো তারা। প্রথম দল হিসেবে নিজেদের মাটিতে ফাইনাল জিতে শিরোপাও ধরে রাখল।
ভারতীয় দলে কয়েকজন বাঁহাতি থাকায় ধারণা করা হচ্ছিল অফ স্পিনারদের দিয়ে তাদের ঘায়েল করবে নিউজিল্যান্ড।
কিন্তু অবিশ্বাস্য মনে হলেও সত্যি, দলের সেরা অফ স্পিনার কোল ম্যাককনকিকে আজ বসিয়ে রেখেছে নিউজিল্যান্ড। ম্যাককনকির জায়গায় খেলতে নামা পেসার জ্যাকব ডাফি ৩ ওভারে দিয়েছেন ৪২ রান।
দলের আরেক অফ স্পিনার গ্লেন ফিলিপস ১ ওভার বোলিং করে দিয়েছিলেন মাত্র ৫ রান। কিন্তু এরপর ফিলিপসকে আর বোলিংয়েই আনেননি কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার।
এই সুযোগের পুরো সদ্ব্যবহার করেছেন অভিষেক, কিষান, দুবেরা।
দুর্দান্ত ছন্দে থাকা স্যামসন আজও উপহার দিয়েছেন ৮৯ রানের বিধ্বংসী ইনিংস।
তাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের প্রথম দল হিসেবে এক আসরে তিনবার ২৫০ রান স্পর্শ করে নিউজিল্যান্ডকে ফাইনালে রেকর্ড লক্ষ্য ছুঁড়ে দেয় ভারত।
এভারেস্টসম লক্ষ্য সফলভাবে করতে হলে নিউজিল্যান্ডকে ভারতের মতোই সমানতালে রান তোলার পাশাপাশি উইকেটও ধরে রাখতে হতো।
কিন্তু বুমরার বুদ্ধিদীপ্ত বোলিং ও অক্ষর প্যাটেলের ঘূর্ণি সামলাতে পারেনি নিউজিল্যান্ড। ওপেনার টিম সাইফার্ট যা একটু ঝড় তুলেছিলেন (২৬ বলে ৫২ রান)। আর অধিনায়ক স্যান্টনারের ৪৩ রান পরাজয়ের ব্যবধান কমাতে সাহায্য করেছে।
ব্যাটিং স্বর্গেও ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন বুমরা, যা টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে কোনো পেসারের সেরা বোলিং ফিগার।
ফাইনালসেরার পুরস্কারও বুমরার হাতে উঠেছে। টুর্নামেন্টসেরা হয়েছেন স্যামসন।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ২০ ওভারে ২৫৫/৫ (স্যামসন ৮৯, কিষান ৫৪, অভিষেক ৫২, দুবে ২৬*, পান্ডিয়া ১৩; নিশাম ৩/৪৬, রবীন্দ্র ১/৩২, হেনরি ১/৪৯)।
নিউজিল্যান্ড: ১৯ ওভারে ১৫৯ অল আউট (সাইফার্ট ৫২, স্যান্টনার ৪৩; বুমরা ৪/১৫, অক্ষর ৩/২৭, অভিষেক ১/৫, পান্ডিয়া ১/৩৬, বরুণ ১/৩৯)।
ফল: ভারত ৯৬ রানে জয়ী।
ফাইনালের সেরা: যশপ্রীত বুমরা।
টুর্নামেন্টের সেরা: সঞ্জু স্যামসন।
