ডাকাতির প্রস্তুতিকালে ২৯ মামলার আসামিসহ ৩ ডাকাত গ্রেফতার
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৮:০৮ পিএম
ছবি: সংগৃহীত
মীরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের সদস্যসহ তিনজনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ ও জোরারগঞ্জ থানা পুলিশ।
সোমবার (২৫ মে) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মহাসড়কের ঢাকামুখী লেনে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় মাওলানা শফিউল আলম নিজামী সড়কের সামনে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় দুটি পিকআপ গাড়ি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য মো. নুর নবী প্রকাশ রাসেল (৩৬) রয়েছেন। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ২৯টি মামলা রয়েছে। তিনি নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচং ইউনিয়নের আলাবক্স পাটোয়ারী বাড়ির মৃত গিয়াস উদ্দিন পাটোয়ারীর ছেলে।
এ ছাড়া গ্রেফতার অন্য দুজন হলেন কুমিল্লার লালমাই উপজেলার লগ্নশ্বর গ্রামের মৃত রশিদের ছেলে কালাম (২৮) এবং লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরকাচিয়া গ্রামের কুদ্দুসের ছেলে সেলিম (২০)।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম বলেন, “ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের সদস্য নুর নবী প্রকাশ রাসেলসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। রাসেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৯টি মামলা রয়েছে।” তিনি আরও বলেন, “আসামিদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।”
