উৎকণ্ঠায় পরিবার
মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ দুই শিক্ষার্থী
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ২১ মে ২০২৬, ০৪:৩৮ পিএম
ছবি: সংগৃহীত
কুমিল্লার মেঘনা উপজেলায় দুই মাদ্রাসাছাত্র নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (২০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মানিকারচর ইউনিয়নের শিকিরগাঁও এলাকায় অবস্থিত হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন পরিচালিত ‘দারুত তাহফিজ ক্যাডেট মাদ্রাসা’ থেকে বের হওয়ার পর তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
নিখোঁজরা হলো উপজেলার মৈশারচর গ্রামের সালাউদ্দিন মিয়ার ছেলে আব্দুল গাফফার (১১) এবং সোনাকান্দা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জুনায়েদ আহমেদ (১৩)।
উভয় পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো তারা মাদ্রাসায় অবস্থান করছিল। দুপুরের দিকে কোনো এক সময় তারা মাদ্রাসা থেকে বাইরে বের হয়- এ তথ্য মাদ্রাসা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। এরপর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
মাদ্রাসার মুহতামীম হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন বলেন, “দুপুর সাড়ে ১২টার দিকে তারা জামাকাপড় রোদে দেওয়ার কথা বলে বাইরে যায়। পরে ক্লাসে ফিরতে দেরি হওয়ায় শিক্ষক খোঁজ নিতে গিয়ে দেখতে পান, তারা নেই। এরপর অনেক খোঁজাখুঁজির পর বিষয়টি পরিবারকে জানানো হয়।”
তিনি আরও বলেন, “পরে জানতে পারি, জুনায়েদ উপজেলা বাসস্ট্যান্ডের সামনে একটি হোটেলে কর্মরত তার ভাইয়ের কাছে গিয়ে ১০০ টাকা চেয়েছিল। তার ভাই তাকে ২০ টাকা দিয়ে মাদ্রাসায় ফিরে যেতে বলে। এরপর থেকেই তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।”
এদিকে এখনো পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি। তবে শিক্ষার্থীদের সন্ধান না মিললে অভিযোগ দায়ের করা হবে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, “এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
