মাদক প্রতিরোধে কঠোর পদক্ষেপের দাবি
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৯:২৭ পিএম
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ। সোমবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা পৌর শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। গুরুত্বপূর্ণ এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশ সদস্য নিয়োগেরও দাবি তোলেন তাঁরা। বক্তাদের ভাষ্য, অপরিকল্পিত যান চলাচল ও যানজটের কারণে সাধারণ মানুষকে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে।
এ ছাড়া শহরের কালন্দি খাল আবর্জনামুক্ত করে স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, খালে ময়লা-আবর্জনা ফেলার কারণে পরিবেশ দূষণের পাশাপাশি জলাবদ্ধতার ঝুঁকি বাড়ছে।
সভায় সীমান্ত এলাকায় মাদক পাচার বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। এ বিষয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান বক্তারা।
জেলা প্রশাসক উপস্থিত নাগরিক সমাজের দাবিগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কফিলউদ্দিন মাহমুদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. হিমেল খান, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল আলম, উপজেলা জামায়াতের আমির মো. ইকবাল হোসেন ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আক্তার খান এবং প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন লিটন।
