রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলি, নিহত ১
জাবেদ ইকবাল চৌধুরী ,কক্সবাজার দক্ষিণ প্রতিনিধি
প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৫:২৯ পিএম
ছবি: সংগৃহীত
কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে হাসান আহমেদ ওরফে ‘কালা হাসান’ (৪৫) নামে একজন নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) রাতে টেকনাফ নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের এইচ-ব্লকে এ ঘটনা ঘটে।
শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউছার সিকদার।
নিহত হাসান ’টেকনাফ নয়াপাড়া ক্যাম্পের সুলতান আহমেদের ছেলে।
১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউছার সিকদার বলেন, বৃহস্পতিবার রাতে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে হাসান আহমেদ নামে এক রোহিঙ্গা নিহত হয়েছে। এ ঘটনার খবর পেয়ে এপিবিএন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সশস্ত্র সন্ত্রাসীদের আটকের চেষ্টা চালায়। সন্ত্রাসীরা হাসান নামে ওই রোহিঙ্গাকে গুলি করে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
তিনি আরো বলেন, পরবর্তী থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রয়েছে। এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।
