×

চট্টগ্রাম

চট্টগ্রামে ১০ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, লোডশেডিংয়ে দুর্ভোগ চরমে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১০:১১ এএম

চট্টগ্রামে ১০ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, লোডশেডিংয়ে দুর্ভোগ চরমে

ছবি : সংগৃহীত

গরমের তীব্রতার সঙ্গে তাল মিলিয়ে চট্টগ্রামে বাড়ছে লোডশেডিং। প্রতিদিন গড়ে ৭ থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে, আর গ্রামাঞ্চলে পরিস্থিতি আরো বেশি খারাপ। বিদ্যুৎ বিতরণ বিভাগের তথ্যে লোডশেডিং ৭৬ থেকে ১০৯ মেগাওয়াট বলা হলেও বাস্তবে ভোগান্তি অনেক বেশি বলে অভিযোগ ভোক্তাদের।

বর্তমানে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) চট্টগ্রাম বিতরণ বিভাগের অধীন ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টি বন্ধ রয়েছে। এর ফলে বিদ্যুৎ উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে গেছে। নগরীর বহদ্দারহাট এলাকার শিক্ষার্থী মরিয়ম আক্তার জানান, দিনে ৮ থেকে ১০ বার পর্যন্ত বিদ্যুৎ চলে যাচ্ছে, এতে পড়াশোনায় মারাত্মক ব্যাঘাত ঘটছে বিশেষ করে রাতের বেলায়।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, এসএসসি পরীক্ষা চলাকালে লোডশেডিং যেন না হয় সে জন্য বিদ্যুৎ বিভাগকে চিঠি দেওয়া হয়েছে।

বিউবো সূত্র জানায়, ফার্নেস অয়েল, কয়লা ও পানিনির্ভর এসব বিদ্যুৎকেন্দ্রের মোট উৎপাদন সক্ষমতা ৪ হাজার ৬শ মেগাওয়াটের বেশি হলেও ২০ এপ্রিল উৎপাদন নেমে আসে প্রায় অর্ধেকে। অফ-পিক সময়ে উৎপাদন ছিল ২,১৫২.৭০ মেগাওয়াট এবং পিক আওয়ারে ২,৩৪৯.৫০ মেগাওয়াট।

পিক আওয়ার সাধারণত বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত। এ সময় চাহিদা সর্বোচ্চ থাকে এবং লোডশেডিংও বেশি হয়। অন্যদিকে অফ-পিক সময়ে চাহিদা তুলনামূলক কম থাকে।

আরো পড়ুন : টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, চট্টগ্রামে তাপমাত্রা ইতোমধ্যে ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে এবং সামনে আরো বাড়তে পারে। এটা বিদ্যুতের চাহিদা বাড়িয়ে দিচ্ছে।

বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে বিভিন্ন সীমাবদ্ধতাও রয়েছে। কিছু কেন্দ্র দিনে বন্ধ থাকলেও রাতে চালু করা হচ্ছে, আবার কিছু কেন্দ্র জ্বালানি সংকট ও যান্ত্রিক ত্রুটির কারণে পুরোপুরি বন্ধ। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে মাত্র দুটি সচল রয়েছে। রাউজানের ৪২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিটের একটি দীর্ঘদিন ধরে বন্ধ এবং অন্যটি গ্যাস সংকটে চালু করা যাচ্ছে না।

চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলা মিলিয়ে এ অঞ্চলে দৈনিক বিদ্যুতের চাহিদা ১,৩০০ থেকে ১,৪০০ মেগাওয়াট। কিন্তু জাতীয় গ্রিড থেকে পর্যাপ্ত সরবরাহ না পাওয়ায় সংকট আরো তীব্র হচ্ছে।

রাউজান তাপ বিদ্যুৎকেন্দ্রের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, গ্যাস সরবরাহ নিশ্চিত করা গেলে উৎপাদন বাড়ানো সম্ভব। অন্যদিকে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি জানায়, বর্তমানে শিকলবাহা কেন্দ্রেই গ্যাস সরবরাহ করা হচ্ছে। সব মিলিয়ে বিদ্যুৎকেন্দ্র বন্ধ, জ্বালানি সংকট ও বাড়তি চাহিদার কারণে চট্টগ্রামজুড়ে লোডশেডিং পরিস্থিতি দিন দিন আরো জটিল হয়ে উঠছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মালয়েশিয়ায় ৫৬ বাংলাদেশি অভিবাসী আটক

মালয়েশিয়ায় ৫৬ বাংলাদেশি অভিবাসী আটক

অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলোর ‘বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা’ জারি

অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলোর ‘বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা’ জারি

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?

ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত, ছেলের অবস্থা আশঙ্কাজনক

ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত, ছেলের অবস্থা আশঙ্কাজনক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App