×

চট্টগ্রাম

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৯:৪৮ পিএম

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা

ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলবে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার (৮ মার্চ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের হরিনা গ্রামে নিশ্চিন্তপুর বাজারে এ হামলার ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি, চাঁদপুরের মতলবের নিশ্চিন্তপুর গ্রামের মো. জাকির হোসেন মিয়াজী (৪৫)। তিন মেয়ে ও দুই ছেলেসহ ৫ সন্তান নিয়ে কৃষিকাজ করে দিনাতিপাত করতেন তিনি।

স্থানীয়রা জানান, জাকির হোসেনের মেজো মেয়ে সাকিবা আক্তার নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। স্কুলে যাওয়া-আসার পথে ফাহিম মিয়াজী, মো. সাফিন, রিফাত বেপারী ও রিয়াদ শিকদারসহ বেশ কয়েকজন বখাটে তাকে নিয়মিত উত্ত্যক্ত করত। এ ঘটনায় জাকির হোসেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর একটি লিখিত অভিযোগ দেন।

এতে ক্ষিপ্ত হয়ে গত ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় নিশ্চিন্তপুর বাজারে অভিযুক্তরা জাকির হোসেনের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তার মাথায় গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ছোট ভাই হোসেন মিয়াজি বাদী হয়ে চাঁদপুর আদালতে একটি মামলা দায়ের করেছেন। মামলায় এজাহারভুক্ত ৪ জনসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।

নিহতের মেয়ে সাকিবা আক্তার বলেন, ‘আমি স্কুলে যাওয়া-আসার সময় প্রায়ই কয়েকজন ছেলে আমাকে উত্ত্যক্ত করত। বিষয়টি বাবাকে জানালে তিনি স্কুলে অভিযোগ করেন। এর জের ধরেই তারা আমার বাবাকে মারধর করে।’

বড়ো মেয়ে জাকিয়া সুলতানা বলেন, ‘আমার বাবাকে অন্যায়ভাবে মারধর করে হত্যা করেছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

নিহতের স্ত্রী পারভীন আক্তার বলেন, ‘আমার স্বামী একজন কৃষক মানুষ ছিল। মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় তাকে নির্মমভাবে মারধর করা হয়েছে। আমার ছোট ছোট বাচ্চা আছে, এখন তাদের নিয়ে আমি কীভাবে বাঁচবো? আমি আমার স্বামী হত্যার সঠিক বিচার চাই।’

এ বিষয়ে নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আরিফুল্ল্যা বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। আমাকে কেউ এ বিষয়ে অবহিত করেনি।’

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, ‘আহত অবস্থায় জাকির হোসেন মিয়াজীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় নতুন করে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

দাড়ি রাখার ফজিলত ও শরয়ী নির্দেশনা

দাড়ি রাখার ফজিলত ও শরয়ী নির্দেশনা

রংপুরে তেলের জন্য লাইনে দাঁড়িয়ে শিক্ষকের মৃত্যু

রংপুরে তেলের জন্য লাইনে দাঁড়িয়ে শিক্ষকের মৃত্যু

ঢাকায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী, নেই বৃষ্টির সম্ভাবনা

ঢাকায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী, নেই বৃষ্টির সম্ভাবনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App