ইরানের তেল কিনে মার্কিন নিষেধাজ্ঞায় চীনের প্রতিষ্ঠান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২ মে ২০২৬, ১১:৪৪ এএম
ছবি: সংগৃহীত
ইরানের কাছ থেকে জ্বালানি তেল কেনার ‘অপরাধে’ চীন ও হংকংয়ের কয়েকটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।
শনিবার (২ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার জানায়, ইরনের অর্থনীতিতে প্রতিবন্ধকতা তৈরি করতেই এই নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের পেট্রোলিয়াম, পেট্রোলিয়ামজাত পণ্য এবং পেট্রোকেমিক্যাল পণ্যের বাণিজ্যের সঙ্গে জড়িত কয়েকটি প্রতিষ্ঠান, ব্যক্তি ও একটি জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে চীনের তেল টার্মিনাল অপারেটর ‘চিংদাও হাইয়ে অয়েল টার্মিনাল কোম্পানি লিমিটেড’।
মার্কিন পররাষ্ট্র দফতরের দাবি, ‘চায়না প্রতিষ্ঠানটি মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ইরান থেকে কোটি কোটি ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করেছে, যার মাধ্যমে তেহরান বিলিয়ন ডলার আয় করছে। চিংদাও হাইয়ে কোম্পানি এড়িয়ে যাওয়ার জটিল কৌশল ব্যবহার করেছে এবং নিষেধাজ্ঞাভুক্ত জাহাজের সঙ্গে অবৈধ জাহাজ-থেকে-জাহাজ (শিপ-টু-শিপ) তেল স্থানান্তরের মাধ্যমে আসা কার্গো গ্রহণ করেছে।’
চিংদাও হাইয়ে ছাড়াও, চীনের তেল শোধনাগার এবং হংকংভিত্তিক একাধিক শিপিং কোম্পানির ওপরও একই কারণে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।
চীন অবশ্য আমেরিকার এই নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছে। ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ এই নিষেধাজ্ঞার বিষয়ে বলেছেন, ‘আন্তর্জাতিক আইনে কোনও ভিত্তি নেই, এমন একতরফা নিষেধাজ্ঞা এবং দূর থেকে এমন বিচারিক ক্ষমতা বেইজিং সমর্থন করে না।’
