‘কোনো ধরনের চক্রান্ত দেশের জন্য বিপজ্জনক’
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ মে ২০২৬, ০৩:২৮ পিএম
ছবি : সংগৃহীত
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সরকারের সমালোচনা করা যেতে পারে, ভুল ধরিয়ে দেওয়া যেতে পারে; তবে কোনো ধরনের চক্রান্ত বা অস্থিতিশীলতার রাজনীতি দেশের জন্য বিপজ্জনক।
শুক্রবার (২৯ মে) রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও বহুদলীয় রাজনীতি ফিরিয়ে আনতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঐতিহাসিক ভূমিকা রেখেছিলেন। সংবাদপত্রের স্বাধীনতা থেকে শুরু করে উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তোলা; প্রতিটি ক্ষেত্রে তিনি সাহসী নেতৃত্ব দিয়েছেন।
তিনি বলেন, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে জিয়াউর রহমানকে হত্যা করা হয়। কারণ, স্বাধীনতা ও জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী এই রাষ্ট্রনায়ক দেশের স্বার্থে আপসহীন ছিলেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, একটি রাষ্ট্রে অপরাধ, বিশৃঙ্খলা কিংবা নানা ধরনের সংকট থাকতেই পারে। তবে নির্বাচিত সরকারের দায়িত্ব হলো দ্রুত ব্যবস্থা নেওয়া ও আইনের শাসন নিশ্চিত করা।
রিজভী বলেন, যেকোনো অন্যায় বা অপরাধের বিরুদ্ধে সরকার পদক্ষেপ নিচ্ছে এবং জনগণও সেটি দেখছে।
তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে নির্বাচন কমিশন, প্রশাসন, পুলিশসহ সব প্রতিষ্ঠানকে নিরপেক্ষ ও জবাবদিহিমূলক হতে হবে। দীর্ঘ আন্দোলন ও আত্মত্যাগের মাধ্যমে অর্জিত গণতান্ত্রিক ধারাকে কোনোভাবেই বাধাগ্রস্ত করা যাবে না।
জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে আট দিনের কর্মসূচি ঘোষণা করে রিজভী জানান, শনিবার (৩০ মে) ভোর ৬টায় নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে।
এছাড়া বেলা ১১টায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের সিনিয়র নেতারা শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী, দোয়া মাহফিল এবং দুস্থদের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করবে। ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় এসব কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলেও জানান রিজভী।
