×

বিএনপি

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা ছাড়াল ৬০০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৫:২০ পিএম

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা ছাড়াল ৬০০

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসনের নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা ছয় শতাধিক ছাড়িয়ে গেছে। শনিবার (১১ এপ্রিল) রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ তথ্য জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, শুক্রবার থেকে সংরক্ষিত মহিলা আসনের জন্য দলের মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছি। প্রথম দিনই পাঁচ শতাধিক ফরম বিক্রি হয়েছে। ফরম বিক্রি ও জমা আজ এবং আগামীকালও অব্যাহত থাকবে। দলের পক্ষ থেকে যারা মনোনয়ন প্রত্যাশী, তাদের আবেদন উর্ধ্বতন নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত বোর্ডে যাবে। কীভাবে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে, তা খুব শিগগিরই জানানো হবে।

রিজভী জানান, গণতান্ত্রিক রীতিনীতি অনুসরণ করেই বিএনপি এবারও প্রার্থী বাছাই করছে। অর্থাৎ, যারা প্রার্থী হতে আগ্রহী, তাদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ করা হচ্ছে। তারা তা পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ জমা দিচ্ছেন।

আরো পড়ুন : ‘সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রিত হয়, এমন কথাই মুছে দেব’

দুপুর ১টায় দলের সদপ্তর সম্পাদক তারিকুল ইসলাম তেনজিং বলেন, নারী নেত্রীরা এখনো মনোনয়নপত্র সংগ্রহ করছেন। এখন পর্যন্ত ৬০০ এর বেশি ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে জমা পড়েছে ৭৮-৭৯টি। আগামীকাল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আশা করছি, অধিকাংশ প্রার্থী কালই জমা দেবেন।

মনোনয়ন ফরমের ব্যাপক চাহিদার কারণ ব্যাখ্যা করে রিজভী বলেন, দীর্ঘ ১৬-১৭ বছর কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আজ আমরা এই অবস্থানে এসেছি। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দীর্ঘ সময় সংগ্রাম করতে হয়েছে। এই গণতান্ত্রিক পরিবেশকে কাজে লাগিয়ে সবাই অংশ নিতে আগ্রহী।

প্রার্থী বাছাই প্রসঙ্গে তিনি বলেন, দলের আন্দোলন-সংগ্রামে নারীদের বড় ভূমিকা রয়েছে। অনেকেই মত প্রকাশের কারণে গ্রেপ্তার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন। আমি মনে করি, যাদের আন্দোলনে অবদান রয়েছে, সংসদে যুক্তিসংগতভাবে কথা বলার সক্ষমতা আছে এবং সমাজে গ্রহণযোগ্যতা রয়েছে, দল তাদেরই মনোনয়ন দেবে।

মনোনয়ন প্রক্রিয়া দ্রুত শেষ করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন রিজভী। তিনি বলেন, সময় খুব কম। চূড়ান্ত প্রার্থীদের নির্বাচন কমিশনে গিয়ে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে হবে।

শনিবারও নয়া পল্টন কার্যালয়ে শিক্ষক, আইনজীবী, শিল্পী ও ছাত্রদলের সাবেক নেত্রীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তাদের মধ্যে কণ্ঠশিল্পী কনকচাঁপা, স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর সহধর্মিনী বীথিকা বিনতে হোসাইনসহ সাবেক সাংসদরাও রয়েছেন।

মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা। রোববার পর্যন্ত ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। জমা দেওয়ার সময় প্রার্থীদের ৫০ হাজার টাকা জামানত দিতে হবে।

এর আগে, গত বুধবার জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। সেই অনুযায়ী, মনোনয়ন দাখিল করা যাবে ২১ এপ্রিল পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। আপত্তি থাকলে আপিল করা যাবে ২৬ এপ্রিল, আর আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আসন বণ্টনে বিএনপি জোট পাবে ৩৬টি, জামায়াতে ইসলাম জোট ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীরা একটি আসন পাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপিকে রাবণ আখ্যা দিলেন নাহিদ ইসলাম

বিএনপিকে রাবণ আখ্যা দিলেন নাহিদ ইসলাম

ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু হাসপাতালে ভর্তি

ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু হাসপাতালে ভর্তি

সোনারগাঁওয়ে ২৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রক্সি গ্রেপ্তার

সোনারগাঁওয়ে ২৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রক্সি গ্রেপ্তার

ভূমি অফিসে দালালদের দৌরাত্ম্য, ভুয়া খারিজে নিঃস্ব হচ্ছে মালিকরা

ভূমি অফিসে দালালদের দৌরাত্ম্য, ভুয়া খারিজে নিঃস্ব হচ্ছে মালিকরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App