জুলাই সনদ অক্ষরে অক্ষরে মানবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৮ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জুলাই সনদ কার্যকরভাবে অক্ষরে অক্ষরে পালন করবে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে শপথ গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন।
শপথ গ্রহণ উপলক্ষে সংসদ ভবন এলাকায় সকাল থেকেই সরগরম ভিড় লক্ষ্য করা গেছে। নবনির্বাচিত এমপিদের সঙ্গে সাধারণ মানুষের উপস্থিতিও চোখে পড়ার মতো ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকায় কঠোর অবস্থানে ছিল।
ইসি সচিবালয় সূত্র জানিয়েছে, সকাল ১০টায় শুরুতে বিএনপির সংসদ সদস্যরা শপথ নেন। এরপর বিএনপি জোটের নির্বাচিত তিনজন এমপিকে শপথ পাঠ করানো হয়। দুপুর ১২টায় জামায়াতে ইসলামীর নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। এরপর জামায়াতের জোটের অন্যান্য শরিক দলগুলোর সদস্যদের শপথ প্রদান করা হবে।
আরো পড়ুন : শপথ নিলেন এনসিপির নবনির্বাচিতরা
শপথ নেওয়ার পর সংসদ সদস্যরা তৃতীয় তলায় রাখা শপথ বইয়ে স্বাক্ষর করবেন। এরপর পরিচয়পত্রের জন্য ছবি, আঙুলের ছাপ এবং ডিজিটাল স্বাক্ষর দেওয়া হবে। এ কার্যক্রমের জন্য ১০টি বুথ রাখা হয়েছে। শপথকক্ষের পাশাপাশি সংসদ ভবনের নয়তলায় সরকারি ও বিরোধী দলের সভাকক্ষ প্রস্তুত করা হয়েছে।
শপথ গ্রহণের পর বিএনপির সংসদীয় দল বেলা সাড়ে ১১টায় বৈঠক করবে বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ। সভায় প্রধানমন্ত্রী, সংসদ নেতা, উপনেতা ও চিফ হুইপ নির্বাচনের পাশাপাশি আগামী সংসদের স্পিকার নির্বাচনের প্রক্রিয়া আলোচনা হতে পারে।
সংসদীয় নেতা ও প্রধানমন্ত্রীর শপথ নেওয়ার পর রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হবে। এর ভিত্তিতে বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের জন্য প্লাজা সাজানো হয়েছে এবং আমন্ত্রিত অতিথিদের বসার জন্য চেয়ার ব্যবস্থা রাখা হয়েছে। নিরাপত্তার কারণে এবার মূল ভবনে প্রবেশ করতে পারবেন শুধুমাত্র নবনির্বাচিত সংসদ সদস্যরা।
বিগত সংসদগুলোর শপথ অনুষ্ঠানে সাধারণত সাংবাদিকদের প্রবেশে বাধা ছিল না। তবে এবার শুধু নির্ধারিত ও আমন্ত্রিত সাংবাদিকদের প্রবেশ অনুমোদন রয়েছে। বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।
ত্রয়োদশ সংসদের নবনির্বাচিত এমপিরা সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদের সদস্য হিসেবে আলাদাভাবে শপথ নেবেন। এ শপথের প্রস্তুতিও সংসদ সচিবালয় ইতোমধ্যেই সম্পন্ন করেছে।
