নতুন যাত্রা শুরু হলো গণতন্ত্রের: মির্জা ফখরুল
কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৩ এএম
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। ছবি: সংগৃহীত
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্রের যাত্রা নতুন শুরু হলো আজকে। আমরা আমরা আশা করি এই পথ মসৃণভাবে আগামী দিনগুলোতে বাংলাদেশের মানুষের জীবনকে, বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশের অর্থনীতিকে সুন্দরের দিকে তার লক্ষ্যের দিকে নিয়ে যাবে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি এসব কথা বলেন।
একই কেন্দ্রে ভোট দেন মির্জা ফখরুলের সহধর্মিণী রাহাত আরা বেগম, বড় মেয়ে শামারুহ মির্জা, ছোট মেয়ে শাফারুহ মির্জা।
মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৫ বছর পরে ফ্যাসিস্ট শাসনের অবসানের পরে আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশে এই জাতীয় সংসদ নির্বাচনের শুভ দিন আজকে এবং শুভ সূচনা হলো।
এই নির্বাচনকে তিনি অত্যন্ত ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে দেখছেন। তিনি বলেন, এই নির্বাচন নির্ধারণ করবে এই দেশের ভবিষ্যৎ রাজনীতি কোনদিকে যাবে।
ফখরুল বলেন, অনেক বাধা বিপত্তি পেরিয়ে, অনেক রক্তপাতের মধ্য দিয়ে, অনেক আত্মত্যাগের মধ্য দিয়ে আজকের দিনটির শুভ সূচনা হয়েছে।
তিনি বলেন, এই দিনটির জন্য আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ আন্দোলনের পর আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি ত্যাগ শিকার করে গেছেন। লক্ষ লক্ষ মানুষ পুলিশের হাতে নির্যাতিত হয়েছে, গুম হয়েছে, হত্যা হয়েছে।
এসময় মির্জা ফখরুল আরো বলেন, চব্বিশের জুলাইয়ে ছাত্র-জনতা, কৃষক-শ্রমিক প্রাণ হারিয়েছেন। এত আত্মত্যাগের পরে আজকের এই নির্বাচন। আশা করছি এই নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ হবে। সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের প্রত্যাশা এই নির্বাচন বাংলাদেশের জন্য একটা নতুন অধ্যায় শুরু করবে।
