চট্টগ্রাম শহরে যুবলীগ-ছাত্রলীগের একাধিক বিক্ষোভ-মিছিল
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১০:০০ এএম
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম মহানগরের আগ্রাবাদ ও ষোলশহরসহ অন্তত তিনটি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পৃথক বিক্ষোভ মিছিল করেছেন।
শুক্রবার (৫ জুন) এসব মিছিলের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও ভিডিও ফুটেজ থেকে জানা যায়, নগরীর আগ্রাবাদ এলাকায় মাথায় কাফনের কাপড় বেঁধে ‘বাংলাদেশ আওয়ামী যুবলীগ, চট্টগ্রাম মহানগর’ ব্যানারে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বারিক বিল্ডিং মোড় থেকে শুরু হয়ে শেখ মুজিব সড়ক হয়ে আগ্রাবাদ মোড়ের দিকে চলে যেতে দেখা যায়। মিছিলকারীদের হাতে থাকা ব্যানারে শিশু হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচারের দাবি এবং বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কর্মসূচির কথা উল্লেখ ছিলো। পরে মিছিলটি চট্টগ্রাম বিদ্যুৎ ভবনের সামনে পৌঁছালে অংশগ্রহণকারীরা সড়ক বিভাজকের ওপর উঠে বেশকিছু সময় ধরে দলীয় বিভিণ্ন স্লোগান দেন।
সূত্র জানায়, মিছিলটি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা গোলাম সামদানি জনির অনুসারীরা আয়োজন করেছিলেন। একই দিনে এই নেতাকর্মীরাই নগরের আউটার রিং রোড এলাকাতেও আরেকটি মিছিল করেছেন বলে জানা গেছে।
অন্যদিকে, চট্টগ্রামের ষোলশহর এলাকায় মুরাদপুরমুখী সড়কে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রতিবাদে ও রাজবন্দীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. আবুল বাশারের অনুসারীরা।
এই দুই মিছিলের বিষয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান যে আগ্রাবাদ এলাকায় মিছিলের তথ্য তাদের কাছে রয়েছে এবং ওই ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।
উল্লেখ্য, চট্টগ্রাম মহানগরে এ নিয়ে চলতি মাসে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অন্তত পাঁচটি ঝটিকা মিছিল করলেন।
