নাইজেরিয়ায় ৩ গ্রামে বন্দুকধারীদের হামলা, নিহত অন্তত ৩২
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫০ এএম
ছবি: সংগৃহীত
উত্তর-পশ্চিম নাইজেরিয়ার তিনটি গ্রামে মোটরসাইকেলে আসা বন্দুকধারীদের হামলায় অন্তত ৩২ জন নিহতের খবর পাওয়া গেছে।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নাইজার অঙ্গরাজ্যে সশস্ত্র ব্যক্তিরা গুলি করে বা গলা কেটে হত্যা করেছে, আগুন দিয়েছে বাড়িঘরে এবং ‘অজানা’ সংখ্যক মানুষকে অপহরণ করেছে।
শনিবার ভোরের এই হামলাগুলো যেখানে ঘটেছে, তার কাছাকাছি স্থানে এ মাসেরই শুরুতে একই ধরনের হামলায় শতাধিক ব্যক্তি নিহত হন। তারা ‘সন্দেহভাজন জিহাদি’ ছিলেন বলে জানানো হয়।
বিবিসি জানিয়েছে, বহু বছর ধরে নাইজেরিয়ায় হামলা ও অপহরণ চালিয়ে আসছে ‘দস্যু’ নামে পরিচিত সশস্ত্র অপরাধী চক্রগুলো। তবে সম্প্রতি দেশটির পশ্চিম ও মধ্যাঞ্চলে এ ধরনের ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। ভোরের দিকে দস্যুরা তুঙ্গা-মাকেরি গ্রামে হানা দেয়।
নাইজার অঙ্গরাজ্য পুলিশের মুখপাত্র ওয়াসিউ আবিওদুন বলেন, তুঙ্গা-মাকেরিতে ছয়জন নিহত হয়েছে। কিছু বাড়িঘরেও আগুন দেওয়া হয়েছে এবং কতজন অপহরণের শিকার হয়েছেন, সেই সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
হামলার শিকার আরেক গ্রাম কনকোসোতেই বেশিরভাগ হত্যার ঘটনা ঘটে।
আরো পড়ুন: কানাডায় স্কুলে বন্দুকধারীর গুলিতে নিহত ১০
স্থানীয়রা জানিয়েছেন, প্রায় সব বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে এবং চারজন নারীকে অপহরণ করা হয়েছে। কনকোসোতে হামলার পর দস্যুরা পিসা গ্রামে গিয়ে একটি পুলিশ স্টেশনে আগুন দেয় এবং একজনকে হত্যা করে বলে তথ্য দিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
রয়টার্স জানিয়েছে, তিনটি গ্রাম মিলিয়ে নিহতের সংখ্যা ৩২ জনের মতো। আরেক বার্তা সংস্থা জানিয়েছে নিহতের সংখ্যা অন্তত ৪৬।
আশপাশের অন্যান্য গ্রামে সম্ভাব্য হামলার বিস্তারিত এখনো স্পষ্ট নয় এবং বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
দস্যুরা ৪১টি মোটরসাইকেলে করে এসেছিল, প্রতিটিতে দুই বা তিনজন করে ছিল বলে একটি নিরাপত্তা প্রতিবেদনে বলা হয়েছে।
উল্লেখ্য, বড়দিনে নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় সোকোতো অঙ্গরাজ্যে ‘ইসলামপন্থি জঙ্গিদের’ লক্ষ্য করে যুক্তরাষ্ট্র হামলা চালায়। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, “তারা যদি খ্রিস্টানদের হত্যা অব্যাহত রাখে, তবে আরও হামলা হবে।”
তবে ‘জিহাদি সহিংসতার বহু ভুক্তভোগীই মুসলিম’- এ কথা নাইজেরিয়ায় রাজনৈতিক সহিংসতা পর্যবেক্ষণকারী সংস্থাগুলো বলছে।
