চট্টগ্রামে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৩
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ মে ২০২৬, ১০:৫২ এএম
ছবি : সংগৃহীত
চট্টগ্রামের কর্ণফুলীতে ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভেল্লাপাড়া ক্রসিংয়ের তালতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বেপরোয়া গতিতে উল্টো পথে কর্ণফুলী ক্রসিংয়ের দিকে আসছিল ঈগল পরিবহনের বাসটি। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মুহূর্তেই দুটি যানবাহন দুমড়েমুচড়ে যায়। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় লেগুনাটি। এতে থাকা অধিকাংশ যাত্রী গুরুতর আহত হন।
আরো পড়ুন : স্বজনের মরদেহ নিয়ে ফেরার পথে দুর্ঘটনা, আহত ৬
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠায়। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী রেদোয়ান বলেন, ঈগল পরিবহনের বাসগুলো প্রায়ই বেপরোয়া গতিতে চলাচল করে। আজও অতিরিক্ত গতির কারণেই এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।
এ বিষয়ে কর্ণফুলী ক্রসিং পুলিশ ফাঁড়ির ইনচার্জ হেলাল উদ্দীন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার জানান, হাসপাতালে আনার পর এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে অন্তত ২০ জন চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
