×

স্বাস্থ্য

ডেঙ্গু হতে পারে ৪ বার, ভুল হতে পারে রিপোর্ট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৩, ০৮:২২ এএম

ডেঙ্গু হতে পারে ৪ বার, ভুল হতে পারে রিপোর্ট

রাজধানীর মগবাজারের বাসিন্দা মনিকা চৌধুরী (৪২)। জুলাই মাসের মাঝামাঝি একবার ডেঙ্গুতে সংক্রমিত হয়েছিলেন। আগস্টে আবারো জ্বরে আক্রান্ত হন তিনি। ডেঙ্গুর সব উপসর্গ থাকায় পরীক্ষা করালে রিপোর্ট পজেটিভ আসে। দক্ষিণ বাড্ডার মার্জিয়া খান (৩৭)। সম্প্রতি টানা তিন দিন জ্বরে ভুগছেন। ডেঙ্গুর অনেক উপসর্গই ছিল তার। এনএসওয়ান ও সিবিসি পরীক্ষা করিয়েছেন। ডেঙ্গুর রিপোর্ট নেগেটিভ এসেছে। সিবিসি পরীক্ষায় প্লাটিলেট এসেছে ৩ লাখ ৩৫ হাজার। রিপোর্ট হাতে পেয়ে ভালো লাগলেও স্বস্তি পাচ্ছেন না মার্জিয়া। মনিকা চৌধুরীর মতো অনেকেই একাধিকবার ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। এদিকে মার্জিয়া খানের মতো অনেকের ডেঙ্গুর উপসর্গ থাকলেও পরীক্ষায় ডেঙ্গু নেগেটিভ আসছে।

এ প্রসঙ্গে রোগতত্ত্ববিদরা বলছেন, ডেঙ্গুর চারটি ধরন। এগুলো হচ্ছে : ডেন-১, ডেন-২, ডেন-৩ এবং ডেন-৪। একজন ব্যক্তি এই চার ধরনেই আক্রান্ত হতে পারেন। তাই বলা যায়, একজন ব্যক্তি একাধিকবার ডেঙ্গুতে সংক্রমিত হতে পারেন। তবে প্রথমবার আক্রান্ত হওয়ার কতদিন পর পুনরায় সংক্রমিত হতে পারেন- এর কোনো সঠিক সময়সীমা নেই। কারণ ভাইরাস সংক্রমিত মশা কামড় দিলেই একজন ব্যক্তি ডেঙ্গুতে আক্রান্ত হবেন।

এদিকে চিকিৎসকরা বলছেন, এবার ডেঙ্গুতে পজেটিভ হওয়ার পাশাপাশি পরীক্ষায় ডেঙ্গু নেগেটিভ রোগীও অনেক বেশি পাচ্ছেন। কিন্তু তাদের লক্ষণ সব ডেঙ্গুর মতোই। ডেঙ্গুর উপস্থিতি জানার জন্য যে পরীক্ষাগুলো করা হয়, সেগুলো ফলস পজেটিভ এবং ফলস নেগেটিভ, দুই ধরনের রিপোর্টই হতে পারে। অর্থাৎ কারোর শরীরে ডেঙ্গু ভাইরাস থাকলেও নেগেটিভ রিপোর্ট আসতে পারে, আবার শরীরে ডেঙ্গু ভাইরাস না থাকলেও পজেটিভ রিপোর্ট আসতে পারে। এ ধরনের পরীক্ষার রিপোর্ট ডেঙ্গু ভাইরাস শরীরে প্রবেশ করার কতদিন পর পরীক্ষাটি করা হচ্ছে, পরীক্ষা করার পদ্ধতি, কিটের গুণগত মানসহ এরকম অনেক বিষয়ের উপর নির্ভর করে।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ ভোরের কাগজকে বলেন, সঠিক সময়ে ডেঙ্গু পরীক্ষা না করালে পরীক্ষার রিপোর্ট সঠিক নাও আসতে পারে। অর্থাৎ ডেঙ্গু পজেটিভ নাও আসতে পারে। কোনো পরীক্ষার রিপোর্টই শতভাগ সঠিক হয় না। ২০ শতাংশ রিপোর্ট ফলস আসতে পারে। এটি সর্বক্ষেত্রে ধরে নিয়েই করা হয়। এ জন্য টেস্ট নেগেটিভ হলেও যদি ডেঙ্গুর উপসর্গ থাকে, সে ক্ষেত্রে ডেঙ্গু হতে পারে ধরে নিয়ে চিকিৎসা করতে হবে। কোনো অবস্থায়ই ডাক্তারের পরামর্শ ছাড়া এন্টিবায়োটিক বা কোনো ওষুধ খাওয়া যাবে না। জ্বর হলে সব ধরনের সাধারণ খাবার খাওয়া যাবে। এই সময় তরল জাতীয় খাবার বেশি খেতে হবে। যদি কারোর জ্বর হয় এবং শুরুতে ডেঙ্গু শনাক্ত করে চিকিৎসা শুরু যায়, রোগীর অবস্থা কখনো জটিল পর্যায়ে যায় না। অনেক সময় দেখা যায়, রোগীরা জ্বর আসার পরও অবহেলা করে পরীক্ষা করতে চায় না। যখন জটিল পর্যায়ে চলে যায়, তখন হাসপাতাল বা চিকিৎসকের কাছে যায়। এ পর্যায়ে রোগীর চিকিৎসা করা হলেও মৃত্যুর ঝুঁকি থাকে।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের উপদেষ্টা ডা. মুশতাক হোসেন ভোরের কাগজকে বলেন, ডেঙ্গুর চার ধরনের মধ্যে একজন ব্যক্তি একাধিকবার ডেঙ্গুতে আক্রান্ত হতে পারেন। তবে প্রথমবারের পর কত সময়ের ব্যবধানে দ্বিতীয়বার আক্রান্ত হতে পারেন এর কোনো নির্দিষ্ট সময় সীমা নেই। তবে কোনো ধরনের আক্রান্ত হলে সেই নির্দিষ্ট রোগের প্রতিরোধ ক্ষমতা শরীরে গড়ে ওঠে, কিন্তু পরবর্তী সময়ে একই ধরনের মানুষ আর আক্রান্ত হন না, অন্য ধরনে আক্রান্ত হতে পারেন। এভাবে মোট চারবার আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। আর প্রথমবার আক্রান্ত হওয়ার পর দ্বিতীয়বার আক্রান্ত হলে রোগের তীব্রতা ও জটিলতা অনেক বেশি হয়।

ডেঙ্গুর পাশাপাশি মৌসুমী জ¦রকেও অবহেলা না করার পরামর্শ দেন এই দুই চিকিৎসক। তারা বলেন, আমাদের দেশে জ্বরের মৌসুম সব সময় থাকে। বিশেষ করে শীত আসার আগে জ্বরের রোগী বাড়ে। শীত চলে গেলে আবার বাড়ে। মাঝখানে জ্বরের রোগী কম থাকে। আবার হঠাৎ গরম পড়লে জ্বরের রোগী বাড়ে। আবহাওয়া পরিবর্তনের সময়ও বাড়ে। করোনা, টাইফয়েড, ম্যালেরিয়ার জ¦রের বিষয়টিতেও আমাদের গুরুত্ব দিতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গরু চোর সন্দেহে পিটিয়ে হত্যা, যা বললেন জামায়াত আমির

গরু চোর সন্দেহে পিটিয়ে হত্যা, যা বললেন জামায়াত আমির

হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালেন স্বামী

হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালেন স্বামী

হাম ও হামের উপসর্গে আরো ১১ জনের মৃত্যু

হাম ও হামের উপসর্গে আরো ১১ জনের মৃত্যু

‘দাতাদের শর্তে নয়, নিজেদের স্বার্থেই ব্যাংক রেজল্যুশন আইন হচ্ছে’

‘দাতাদের শর্তে নয়, নিজেদের স্বার্থেই ব্যাংক রেজল্যুশন আইন হচ্ছে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App