×

স্বাস্থ্য

সংকট উত্তরণে প্রত্যয়ী নতুন ডিজি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০২০, ১০:৫৮ এএম

করোনার এই দুর্যোগে বেসামাল স্বাস্থ্য খাতের হাল এখন অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমের হাতে। নিভৃতচারী এই মানুষটি সবমহলে পরিচিত না হলেও চিকিৎসক মহলে রয়েছে তার সুনাম। দক্ষ সার্জন এবং সজ্জন মানুষ হিসেবে তাকে অনেকেই চেনেন। আর যারা তাকে কাছ থেকে চেনেন ও জানেন, তারা তার আরেকটি গুণের বিষয়েও অবহিত। সারাক্ষণ ছুরি-কাঁচি নিয়ে ব্যস্ত এই চিকিৎসকের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত মুগ্ধ করে শ্রোতাকে। স্বাধীনতা চিকিৎসক পরিষদের আজীবন সদস্য ডা. খুরশীদ আলম আজ শনিবার সকাল সাড়ে ৮টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। অধিদপ্তরের ২৭তম মহাপরিচালক হিসেবে আগামীকাল রবিবার বুঝে নেবেন দায়িত্ব। গতকাল শুক্রবার অধ্যাপক ডা. খুরশীদ আলম ভোরের কাগজকে ফোনে বলেন, মহাপরিচালক হিসেবে রবিবার প্রথম অফিস করব। সরকার যে আস্থা নিয়ে আমাকে দায়িত্ব দিয়েছে, আমি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে সেই আস্থার জায়গাটি রক্ষা করতে চাই। সবার সঙ্গে আলোচনা করেই কাজ করব। আশা করছি, সবার সহযোগিতা পেলে সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারব। কুমিল্লা জেলার চান্দিনার সন্তান ডা. খুরশীদ আলমের জন্ম ১৯৬১ সালের ৩১ ডিসেম্বর। কুমিল্লা গর্ভমেন্ট ল্যাবরেটরি স্কুল থেকে মাধ্যমিক পাস করেন। সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস করে ১০ম বিসিএসে উত্তীর্ণ হন। ওই বছরই সহকারী সার্জন হিসেবে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে যোগ দেন। সহকারী সার্জন, সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার, জুনিয়র কন্সালটেন্ট, সিনিয়র কন্সালটেন্ট, সহযোগী অধ্যাপক, অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে বিভিন্ন সময় কাজ করেছেন মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ, পঙ্গু হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ, কুমিল্লা মেডিকেল কলেজ, বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও ঢাকা মেডিকেল কলেজে। প্রতিটি ক্ষেত্রেই রেখেছেন কৃতিত্বের ছাপ। বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জনসের (বিসিপিএস) নির্বাচিত কাউন্সিলদের মধ্যে ডা. খুরশীদ আলম অন্যতম একজন। লন্ডন থেকে এফআরসিএস, সার্জারিতে এফসিপিএস ও এমএস ডিগ্রি অর্জন করেন তিনি। সংস্কৃতি অঙ্গনে ডা. খুরশীদ আলমের পদচারণা ছোট বেলা থেকেই। বাংলাদেশ বেতারের একজন তালিকাভুক্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী তিনি। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কুমিল্লা শাখার প্রশিক্ষক থেকে সভাপতির দায়িত্বও পালন করেছেন। প্রয়াত সঙ্গীতজ্ঞ ওয়াহিদুল হকের প্রিয় শিষ্যদের তালিকায় যে ক’জনের নাম ছিল তাদের মধ্যে ডা. খুরশীদ আলমও একজন। কৈশোর থেকে যারা ডা. খুরশীদ আলমকে কাছ থেকে দেখেছেন এবং চেনেন তাদের একজন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের প্রসূতি ও ধাত্রী বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শিউলি চৌধুরী। তিনি ভোরের কাগজকে বলেন, বাবার চাকরি সূত্রে আমার অনেকটা সময় কেটেছে কুমিল্লাতে। আমি কুমিল্লা গর্ভমেন্ট ল্যাবরেটরি স্কুলে পড়তাম। ডা. খুরশীদ আলমও ওই স্কুলে পড়তেন। তিনি আমার চেয়ে সিনিয়র ছিলেন। এরপর সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালেও তাকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। এছাড়া তার ছোট বোন ছিল আমার বান্ধবী। পরিবারিকভাবেও তাদের সঙ্গে আমাদের সখ্যতা ছিল। সব সময়ই দেখেছি, তিনি পড়ালেখায় যেমন মেধাবী ছিলেন সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তার সরব অংশগ্রহণ ছিল। সৎ ও নিষ্ঠাবান মানুষ হিসেবেই তিনি সবার শ্রদ্ধা ও ভালোবাসা পেয়ে এসেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অটোরিকশা-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩

শ্রীমঙ্গল অটোরিকশা-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩

কৃত্রিম সংকট তৈরির দায়ে ফিলিং স্টেশনকে জরিমানা

কৃত্রিম সংকট তৈরির দায়ে ফিলিং স্টেশনকে জরিমানা

অবৈধ বার ও জুয়া বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা চেয়ে রিট

অবৈধ বার ও জুয়া বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা চেয়ে রিট

রাষ্ট্রপতির সঙ্গে পাবনার ব্যবসায়ী ও সাংবাদিক নেতাদের সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে পাবনার ব্যবসায়ী ও সাংবাদিক নেতাদের সাক্ষাৎ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App