বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৪:৫২ পিএম
ছবি : সংগৃহীত
দীর্ঘদিন ঊর্ধ্বমুখী থাকার পর বিশ্ববাজারে স্বর্ণের দাম হঠাৎ বড় ধরনের পতনের মুখে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান ইস্যুতে আক্রমণাত্মক মন্তব্যের পর বিনিয়োগকারীদের মধ্যে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ‘ফেডারেল রিজার্ভ’ সুদের হার কমানোর সম্ভাবনা কমে আসায় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের আকর্ষণ হঠাৎ কমে গেছে। খবর রয়টার্সের।
বাজার সংক্রান্ত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় স্পট গোল্ডের দাম ২.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৬২২.৫৯ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার ৩.৪ শতাংশ কমে ৪,৬৪৯ ডলারে পৌঁছেছে। দিনের শুরুতে দাম গত ১৯ মার্চের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল, কিন্তু ট্রাম্পের ভাষণের পরপরই এটি ৪ শতাংশেরও বেশি কমে যায়। তবে সপ্তাহের হিসেবে সোনার দাম এখনও প্রায় তিন শতাংশ বৃদ্ধির পথে রয়েছে।
অন্যান্য মূল্যবান ধাতুতেও একই ধরণের পতন দেখা গেছে। এদিন স্পট সিলভার ৪.৯ শতাংশ কমে ৭১.৪৪ ডলারে নেমেছে, প্লাটিনাম ২.৩ শতাংশ কমে ১,৯১৮.৩৮ ডলারে, এবং প্যালাডিয়াম ০.৬ শতাংশ কমে ১,৪৬৩.৭৫ ডলারে পৌঁছেছে।
তেলের সঙ্গে স্বর্ণের বিপরীতমুখী সম্পর্ক
ট্রাম্পের ভাষণে ইরানে হামলা অব্যাহত রাখার ঘোষণার পর তেলের দাম প্রায় সাত শতাংশ বেড়েছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধ পরিস্থিতির কারণে তেলের দামের সঙ্গে স্বর্ণের দাম বিপরীতমুখী সম্পর্ক প্রদর্শন করছে।
নাটিক্সিসের বিশ্লেষক বার্নার্ড দাহদাহ বলেন, তেলের দাম ছয়-সাত শতাংশ বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতির আশঙ্কা তৈরি হয়। বিনিয়োগকারীরা ভাবতে শুরু করেছেন যে, ফেড এখনই সুদের হার কমাবে না। এটাই সোনার দামকে নিচের দিকে ঠেলে দিচ্ছে।
জেফরিজের মালিকানাধীন ট্রাডু ডটকমের জ্যেষ্ঠ বিশ্লেষক নিকোস জাবোরাস বলেন, মার্কিন ডলার এখন পছন্দের নিরাপদ আশ্রয় হিসেবে বিবেচিত হচ্ছে, যা স্বর্ণের দিকে মূলধন প্রবাহকে বাধাগ্রস্ত করছে। তবে দীর্ঘমেয়াদি চাহিদার কারণে স্বর্ণ পুনরায় তার হারানো অবস্থান ফিরে পেতে পারে এবং ভবিষ্যতে নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছানোর সম্ভাবনা অস্বীকার করা যায় না।
