বৃষ্টিহীন ঢাকায় আজ থাকবে গরমের দাপট
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ১০:১৩ এএম
ছবি : সংগৃহীত
গত ৪৮ ঘণ্টা ধরে রাজধানী ঢাকায় বৃষ্টির দেখা নেই, আর এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা। আজও সকাল থেকেই গরমের দাপট আগের মতোই বজায় রয়েছে। দুপুর পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালেই ঢাকায় তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে তবে আবহাওয়া শুষ্ক থাকবে। দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আরো পড়ুন : দেশের ৫ বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত হয়নি। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৩১ মিনিটে।
অন্যদিকে সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টার মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং ঢাকা, রংপুর ও চট্টগ্রাম বিভাগের দু-একটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। একই সঙ্গে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, ফরিদপুর, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া এলাকায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং তা আরো কিছু এলাকায় বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে।
